আবু জাফর, সাতক্ষীরা প্রতিনিধি :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা শহরের নিউমার্কেট চত্বরে জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা পৌর ও সদর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। পৌর যুবদলের সাবেক আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, ধানের শীষের কাণ্ডারী আলহাজ্ব মো. আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশের মানুষ শোকাহত। দেশের সর্বস্তরের মানুষ তাকে ভালোবাসত। তার জানাজায় কোটি কোটি মানুষের উপস্থিতিই প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয় ছিলেন। আমরা সকলেই তার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতী, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সাবেক সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আলী শাহীন, পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা আক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক খুরশীদ জাহান শিলা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাসিউল করিম রোমান, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক সাহেব আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইমাম হাফেজ মাওলানা জুলফিকার আলী।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা পৌর ও সদর উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ক্রাইম বার্তা