সংবাদদাতা: পূর্বানুমতি না নিয়ে নির্বাচনী পথসভা করার অভিযোগে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ধানের শীষ প্রতীকের আব্দুর রউফের একটি সভা স্থগিত করে দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা শহরের আমতলা মোড়ে এ ঘটনা ঘটে। অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা।
প্রশাসন সূত্রে জানা গেছে, আমতলা মোড়ে পথসভা চলাকালীন সেখানে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি আয়োজকদের কাছে সভার অনুমতিপত্র দেখতে চান। যথাযথ অনুমতি না থাকায় তিনি তাৎক্ষণিক সভাটি বন্ধ করার নির্দেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা সাংবাদিকদের বলেন, “নির্বাচনী আচরণবিধি অনুযায়ী যেকোনো জনসভা বা সমাবেশের অন্তত ৪৮ ঘণ্টা আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হয়। এখানে সেই নিয়ম মানা হয়নি। আমরা সকল রাজনৈতিক দলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।”
এদিকে সভা বন্ধের বিষয়ে জেলা বিএনপি নেতা শেখ মাসুম বিল্লাহ শাহীন দাবি করেন, তাঁরা নির্বাচনী সভার তালিকা দিয়ে আগেই অনুমতি নিয়ে রেখেছিলেন। তবে প্রশাসনের পক্ষ থেকে সভা বন্ধের নির্দেশ দেওয়ার পর আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রার্থী আব্দুর রউফ নিজ থেকেই সভা স্থগিতের ঘোষণা দেন। ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
ক্রাইম বার্তা