যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে মারধরের ঘটনায়  আহত সভাপতিকে দেখতে  এলেন এমপি গাজী নজরুল ইসলাম

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাব ভবনে ঢুকে সভাপতিকে মারধরের ঘটনার পর আহত আলহাজ্ব সামিউল আযম ইমাম মনিরকে দেখতে গেছেন সাতক্ষীরা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সোমবার (২ মার্চ) দুপুরের পর তিনি উপজেলা প্রেসক্লাবে গিয়ে আহত সভাপতির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এর আগে সোমবার বেলা ১২টার দিকে শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে ‘শ্যামনগরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে একটি মিছিল প্রেসক্লাব চত্বরে প্রবেশ করে। মানববন্ধন কর্মসূচির একপর্যায়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হঠাৎ করে প্রেসক্লাব মিলনায়তনে ঢুকে সভাপতি মনিরের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলায় তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। উপস্থিত সাংবাদিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তাদের সঙ্গেও তাদেরকেও ধাক্কা দেওয়া হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকির জানান, তার মাথার বাম পাশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এবং হাত-পায়েও আঘাত পাওয়া গেছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়।

দুপুরের পর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম প্রেসক্লাবে গিয়ে আহত সভাপতির সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিস্তারিত শোনেন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন।

ঘটনার বিষয়ে শ্যামনগর থানা-এর অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, প্রেসক্লাব কার্যালয়ে ঢুকে সভাপতিকে হামলার ঘটনায় শ্যামনগরে কর্মরত গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয় সচেতন মহলও মনে করছেন, পেশাজীবী সংগঠনের নিরাপত্তা ও সাংবাদিকদের অবাধ দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

২-৩-২৬
হুসাইন বিন আফতাব
শ্যামনগর উপজেলা সংবাদদাতা, সাতক্ষীরা।
০১৭৪৬-৩৬৮৭৪৭

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *