সাতক্ষীরায় বাড়ির গেটে বোমা সদৃশ বস্তু, এলাকায় আতঙ্ক

সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামে একটি বাড়ির গেট, রান্নাঘরের দরজা ও উঠানে ঝুলিয়ে রাখা তিনটি বোমা সদৃশ বস্তু উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর গ্রামের পশ্চিমপাড়ায় মৃত আব্দুর রাজ্জাকের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, রাতের আঁধারে কে বা কারা বাড়ির বিভিন্ন স্থানে এসব বোমা সদৃশ বস্তু বেঁধে রেখে যায়। সকালে বাড়ির সদস্য ও আশপাশের লোকজন বস্তুগুলো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি জানালে কলারোয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়ির সামনে তিনটা সন্দেহজনক বস্তু ঝুলছে। আমরা ভয় পেয়ে যাই, কেউ কাছে যাইনি।

পরিবারের সদস্যরা জানান, রাতে তারা কোনো কিছু টের পাননি। সকালে এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত পুলিশকে খবর দেন।

কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন বলেন, প্রাথমিকভাবে বস্তুগুলোকে হাতবোমা বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং পুরো বাড়ি ঘিরে রাখা হয়েছে। সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *