ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সীমান্ত পরিস্থিতি নিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ (পুশইন) বন্ধ, নিরাপত্তা জোরদার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার (১২ জুন) বিকেলে সীমান্তসংলগ্ন ভোমরা স্থলবন্দরে ১১ দলীয় জোটের উদ্যোগে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুহা. ইজ্জতুল্লাহ। তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। সীমান্তে যেকোনো ধরনের অন্যায়, অবৈধ অনুপ্রবেশ বা স্বার্থবিরোধী কর্মকাণ্ড দেশের জনগণ মেনে নেবে না।

তিনি আরও বলেন, দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে যেকোনো আগ্রাসন ও অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত। পাশাপাশি সীমান্তে নিরাপত্তা জোরদার এবং কূটনৈতিকভাবে সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন ১১ দলীয় জোটের প্রধান ও জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। তিনি বলেন, সীমান্ত এলাকায় বারবার অনুপ্রবেশের অভিযোগ উদ্বেগজনক। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত ব্যবস্থাপনায় আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

এ সময় বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মো. ওমর ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আজিজুল ইসলাম, পৌর আমির জাহিদুল ইসলাম, সদর আমির মাওলানা মোশারফ হোসেন, সদর সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, দেবহাটা উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ ইমদাদুল হকসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা স্লোগান দেন এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *