সাতক্ষীরা সংবাদদাতাঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে নূর হোসেন গাজী (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জহির হোসেন (৪০) নামে আরও এক জেলে আহত হন। শনিবার (২০ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মালঞ্চ নদীতে এ ঘটনা ঘটে।
নিহত নূর হোসেন গাজী দক্ষিণ কদমতলা গ্রামের মৃত ইনতাজ গাজীর ছেলে। আহত জহির হোসেন একই গ্রামের হাসান গাজীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে নূর হোসেনসহ কয়েকজন জেলে মালঞ্চ নদীতে মাছ ধরার জন্য জাল পেতে নৌকায় অবস্থান করছিলেন। দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হলে নৌকায় থাকা নূর হোসেনের ওপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। একই সময় প্রায় ১০০ হাত দূরে থাকা জহির হোসেনও বজ্রপাতের প্রভাবে অজ্ঞান হয়ে পড়েন।
নদীতে থাকা অন্যান্য জেলেরা দ্রুত তাদের উদ্ধার করে হরিনগর বাজারে নিয়ে যান। সেখানে গ্রাম্য চিকিৎসক শিবপদ মণ্ডল নূর হোসেনকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, চিকিৎসাকেন্দ্রে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তবে আহত জহির হোসেন বর্তমানে সুস্থ রয়েছেন।
মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল রহমান (পল্টু) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে এক জেলের মৃত্যু এবং অপর একজন আহত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
ক্রাইম বার্তা