টানা বর্ষণে পাটকেলঘাটা বাজারে জলাবদ্ধতা, সরেজমিনে পরিদর্শন দ্রুত ব্যবস্থা নিতে এমপি মুহা. ইজ্জত উল্লাহ-এর নির্দেশনা

ইয়াছীন আলী সরদার: সাতক্ষীরার তালা উপজেলার ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র পাটকেলঘাটা বাজারে সাম্প্রতিক টানা বর্ষণের ফলে এক ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ও প্রয়োজনীয় কালভার্ট না থাকায় বাজারের শত শত ব্যবসা প্রতিষ্ঠান এবং সংলগ্ন বসতবাড়িতে পানি প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। ব্যবসায়ীদের এই চরম দূরবস্থা ও জনদুর্ভোগের খবর শুনে তাৎক্ষণিকভাবে নিজ উদ্যোগে এগিয়ে এসেছেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ ইজ্জত উল্লাহ । তিনি সরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ মাসুদ রানাকে জরুরি ভিত্তিতে ডেকে নিয়ে জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ ও মহাপরিকল্পনা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার আশ্বাস দেন। মাননীয় সংসদ সদস্যের এই বিশেষ নির্দেশনা ও সুপারিশের ওপর ভিত্তি করে আজ ১০ জুলাই শুক্রবার সরুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান শেখ মাসুদ রানা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর জলাবদ্ধতা নিরসনে কালভার্ট ও ড্রেন নির্মাণ/সংস্কারের জন্য একটি লিখিত আবেদন জমা দেন। পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহ, সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ শাহ আলম, শ্রমিক কল্যাণের উপজেলা সেক্রেটারি আব্দুল হালিম, প্যানেল চেয়ারম্যান শেখ মাসুদ রানা, বিশিষ্ট ব্যবসায়ী নিসারুল হক, সাংবাদিক অধ্যাপক ইয়াসিন আলীসহ এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ী সমাজ। লিখিত আবেদন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই থেকে  অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় বাজারের পাটকেলঘাটা ভূষিমাল হাট, হলুদ হাট, জুতা হাট এবং বাজার সংলগ্ন বসতবাড়িসহ সর্বমোট আনুমানিক ৬০ লক্ষ টাকার মালামাল ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ভোগ ও অর্থনৈতিক ক্ষতি রোধে এমপি মহোদয়ের নির্দেশনায় ও সুপারিশে ১০টি পয়েন্টে জরুরি ভিত্তিতে উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— আলিয়া মাদ্রাসার সামনে থেকে পল্লী বিদ্যুৎ অফিস হয়ে কপোতাক্ষ নদ পর্যন্ত ড্রেন নির্মাণ, আঃ হালিমের মোড় হতে ফকির আহম্মেদের বাড়ি পর্যন্ত ড্রেন সংস্কার, সিরাজ গাজীর ও জুয়েলের বাড়ির সামনে কালভার্ট নির্মাণ, পারকুমিরা পানির কল থেকে কালীবাড়ি অভিমুখে ড্রেন নির্মাণ এবং পেট্রোল পাম্প থেকে ফুটবল মাঠ হয়ে কপোতাক্ষ অভিমুখে ড্রেন নির্মাণসহ ভূষিমাল হাটের কালভার্ট সংস্কার। পরিদর্শন শেষে সংসদ সদস্য মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, “পাটকেলঘাটা বাজারের এই জনদুর্ভোগ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্যানেল চেয়ারম্যানকে দেওয়া নির্দেশনা অনুযায়ী আমরা ইতিমধ্যে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করেছি। জনগণের এই সমস্যা সমাধানে দ্রুততম সময়ের মধ্যে এই ১০টি উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *