স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরা জেলা পরিষদের উচ্চমান সহকারী রাকেশ মল্লিকের পদোন্নতি প্রস্তাব বাতিল এবং তাকে অন্যত্র বদলির দাবিতে খুলনা বিভাগের বিভাগীয় কমিশনারের কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। আবেদনে অভিযোগ করা হয়েছে, রাকেশ মল্লিকের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে এবং এসব অভিযোগ থাকা সত্ত্বেও তাকে দ্রুত পদোন্নতির জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।
আবেদনটি সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মো. আয়ুব আলী বিভাগীয় কমিশনারের কাছে জমা দিয়েছেন। এতে স্থানীয় সরকার, খুলনা বিভাগের পরিচালকের দৃষ্টি আকর্ষণও করা হয়েছে।
আবেদনে বলা হয়েছে, রাকেশ মল্লিক দীর্ঘদিন ধরে সাতক্ষীরা জেলা পরিষদে উচ্চমান সহকারী হিসেবে কর্মরত রয়েছেন। অভিযোগে দাবি করা হয়েছে, তিনি সাবেক সরকারের প্রভাবশালী এক রাজনৈতিক নেতার আত্মীয় পরিচয় ব্যবহার করে ঘুষ, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হয়েছেন।
এতে আরও উল্লেখ করা হয়, ২০২৬ সালের ১৯ মে জেলা পরিষদের প্রধান সহকারীর পদ শূন্য হওয়ার পরদিন, ২০ মে, ঘুষের টাকা না দেওয়ায় একজন আবেদনকারীকে ঠিকাদারি লাইসেন্স থেকে বঞ্চিত করার অভিযোগে রাকেশ মল্লিকের বিরুদ্ধে জেলা পরিষদের তৎকালীন প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়। একই দিনে জেলা পরিষদের মাসিক সভায় প্রধান সহকারীর শূন্য পদে তাকে পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং পরদিন ২১ মে পদোন্নতির সভা অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে তার পদোন্নতির প্রস্তাব বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাঠানো হয়।
আবেদনে দাবি করা হয়েছে, ঘুষ সংক্রান্ত লিখিত অভিযোগ থাকার পরও মাত্র দুই দিনের মধ্যে পদোন্নতির প্রক্রিয়া সম্পন্ন করা অস্বাভাবিক এবং এর পেছনে অসৎ উদ্দেশ্য থাকতে পারে।
এছাড়া আবেদনে বলা হয়েছে, জেলা পরিষদের আরেক উচ্চমান সহকারী সফিকুল হক পদোন্নতির ক্ষেত্রে জ্যেষ্ঠ হলেও তিনি দীর্ঘদিন ধরে সাময়িক বরখাস্ত রয়েছেন। তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে রাকেশ মল্লিকের পদোন্নতির উদ্যোগ নেওয়ায় প্রশ্ন উঠেছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বিভাগীয় কমিশনারের হস্তক্ষেপ কামনা করে রাকেশ মল্লিকের পদোন্নতি প্রস্তাব বাতিল এবং তাকে অন্যত্র বদলির দাবি জানানো হয়েছে।
তবে আবেদনপত্রে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে রাকেশ মল্লিকের বক্তব্য জানা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ক্রাইম বার্তা