আবু সাইদ বিশ্বাস: আজ ২৬ জুলাই আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস। উপকূলীয় জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বিশ্বের ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর দিবসটি পালিত হয়। বিশ্বের বৃহত্তম একক ম্যানগ্রোভ বন সুন্দরবনের দেশ বাংলাদেশে দিবসটি বিশেষ তাৎপর্য বহন করে।
১৯৯৮ সালের ২৬ জুলাই ইকুয়েডরে ম্যানগ্রোভ বন কেটে চিংড়ি চাষের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে একজন পরিবেশকর্মী নিহত হন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসটি পালন শুরু হয়। পরবর্তীতে ইউনেস্কো ২০১৫ সালে ২৬ জুলাইকে আন্তর্জাতিক ম্যানগ্রোভ ইকোসিস্টেম সংরক্ষণ দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
বাংলাদেশের মোট বনভূমির প্রায় ৪৭ শতাংশজুড়ে বিস্তৃত সুন্দরবন খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা ও পটুয়াখালী জেলার অংশ নিয়ে গড়ে উঠেছে। সুন্দরী, গেওয়া, পশুর, কেওড়া, বাইন, ধুন্দল ও গোলপাতাসহ নানা প্রজাতির উদ্ভিদে সমৃদ্ধ এই বন কেবল কাঠের উৎস নয়; বরং দেশের পরিবেশ, অর্থনীতি ও জীববৈচিত্র্যের অন্যতম প্রধান ভিত্তি। সুন্দরবনের নদী-খালজুড়ে রয়েছে প্রায় ৪০০ প্রজাতির মাছ, কাঁকড়া, চিংড়ি, কুমির, ভোঁদড় ও ডলফিন। এছাড়া প্রায় ৫০ প্রজাতির স্তন্যপায়ী, ৩২০ প্রজাতির পাখি, ৫০ প্রজাতির সরীসৃপ এবং ৮ প্রজাতির উভচর প্রাণীর আবাসস্থল এই বন। এখানকার সবচেয়ে আকর্ষণীয় প্রাণী রয়েল বেঙ্গল টাইগার, যা বিশ্বের অন্যতম বিরল বাঘের আবাস হিসেবে সুন্দরবনকে বিশেষ মর্যাদা দিয়েছে।বিশ্বে প্রায় ১০২টি দেশে এই ম্যানগ্রোভ বন রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, জীববৈচিত্র্যের পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও ম্যানগ্রোভ বনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আঘাত অনেকাংশে শোষণ করে উপকূলীয় জনপদকে রক্ষা করে সুন্দরবন। একই সঙ্গে এটি বায়ুমণ্ডল থেকে বিপুল পরিমাণ কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে সহায়তা করে। গবেষণায় দেখা গেছে, এক হেক্টর কেওড়া বন বছরে প্রায় ১৭০ টন কার্বন-ডাই-অক্সাইড ধারণ করতে পারে। সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চলে বর্তমানে প্রায় ৬৬২ কোটি টন কার্বন-ডাই-অক্সাইড সঞ্চিত রয়েছে এবং প্রতি বছর আরও প্রায় ৩৮ লাখ টন কার্বন যুক্ত হচ্ছে। তবে পরিবেশবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, বন উজাড়, অবৈধ কাঠ আহরণ, চিংড়ি ঘের সম্প্রসারণ, দূষণ এবং অপরিকল্পিত উন্নয়ন কার্যক্রমের কারণে বিশ্বের অন্যান্য ম্যানগ্রোভ বনের মতো সুন্দরবনও হুমকির মুখে রয়েছে। আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবসে পরিবেশবিদদের আহ্বান সুন্দরবনসহ দেশের সব ম্যানগ্রোভ বন রক্ষায় আইন প্রয়োগ জোরদার, বন উজাড় ও দূষণ রোধ, উপকূলীয় এলাকায় নতুন বন সৃজন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই অমূল্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে হবে। কারণ, সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, এটি বিশ্বের জলবায়ু ও জীববৈচিত্র্য রক্ষার অন্যতম প্রধান প্রাকৃতিক রক্ষাকবচ।
ক্রাইম বার্তা