তালার মদনপুর বাজারের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে এমপি ইজ্জত উল্লাহর আর্থিক সহায়তা প্রদান
নিজস্ব প্রতিবেদক, তালা (সাতক্ষীরা):
সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মদনপুর বাজারের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে আর্থিক সহায়তা প্রদান করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উপস্থিতিতে জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের জন্য এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মদনপুর বাজারে জলাবদ্ধতার কারণে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে বাজারের সড়কে পানি জমে থাকায় চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ে। বিষয়টি স্থানীয়দের পক্ষ থেকে সংসদ সদস্যের নজরে আনা হলে তিনি দ্রুত সমস্যার সমাধানে উদ্যোগ নেন।
এ সময় সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, জনগণের ভোগান্তি দূর করাই জনপ্রতিনিধি হিসেবে তাঁর দায়িত্ব। মদনপুর বাজারের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এ কাজে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে বাজারের জলাবদ্ধতা দূর হবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমে আসবে।
এলাকাবাসী সংসদ সদস্যের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে তাঁর দ্রুত পদক্ষেপ প্রশংসনীয়। তারা দ্রুত কাজ সম্পন্ন করে স্থায়ীভাবে জলাবদ্ধতার সমস্যা সমাধানের দাবি জানান।
ক্রাইম বার্তা