সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

 আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরা:  সাতক্ষীরা জেলা শহরের বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে হাসপাতাল ভবনের ভেতর থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী, স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে।
খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। একই সঙ্গে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম চালানো হয়।
হাসপাতালের পরিচালক আবুল হাসান জানান, ভবনের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা গেলে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। রোগীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের দ্রুত বের করে আনার ব্যবস্থা করা হয়েছে।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তদন্তের মাধ্যমে এর উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে হাসপাতাল ভবনের ভেতর থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী, স্বজন ও হাসপাতালের কর্মীরা দ্রুত ভবন থেকে বেরিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত ছিল। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি।
আবু সাইদ বিশ্বাস
সাতক্ষীরা
৪/৮/২৬

 

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *