সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ফাইটার মোরগ ও বিপুল মালামাল আটক
আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরা:
সাতক্ষীরা সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফাইটার মোরগ, মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ ও নিষিদ্ধ এসকুফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৩৩ হাজার ২০০ টাকা।
শনিবার (০৮ আগস্ট ২০২৬) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা, বৈকারী, মাদরা এবং কাকডাঙ্গা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্তে এসব বিশেষ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির একটি আভিযানিক দল সাতক্ষীরা সদর থানার সীমান্তসংলগ্ন লক্ষীদাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ফাইটার (লড়াকু) মোরগ আটক করে।
একই দিন বৈকারী বিওপির টহলদল সদর থানার ছয়ঘরিয়া এলাকা থেকে ৯০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। সীমান্ত পার করে আনার সময় কাকডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা কলারোয়া থানার ভাদিয়ালি এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন।
এছাড়া মাদরা বিওপির অপর একটি দল কলারোয়া থানাধীন রাজপুর মাঠে অভিযান চালিয়ে ২৩ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় নিষিদ্ধ এসকুফ সিরাপ আটক করতে সক্ষম হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, চোরাকারবারীরা রাজস্ব ফাঁকি দিয়ে এসব পণ্য অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। এ ধরনের চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। দেশীয় অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও রাজস্ব ফাঁকি রুখতে বিজিবির এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।
সীমান্তে বিজিবির এই ঝটিকা অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, বিজিবির এমন তৎপরতা অব্যাহত থাকলে সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান ও মাদকের বিস্তার অনেকাংশে কমে আসবে।
ক্রাইম বার্তা