আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুরুল আলম বাপ্পীসহ একাধিক নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভকারীরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে সদর উপজেলা ছাত্রদল ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সাতক্ষীরা সদর থানার সামনে অবস্থান নেন। পরে থানার গেটে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দ্বারা মঞ্জুরুল আলম বাপ্পীসহ ছাত্রদলের একাধিক নেতাকর্মীর ওপর হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
বক্তারা বলেন, ছাত্রদলের উদীয়মান নেতৃত্বকে ভয়ভীতি দেখিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। কোনো অন্যায়-অত্যাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কাছে ছাত্রদল মাথা নত করবে না।
সমাবেশ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িত চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের আলটিমেটাম দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা। একই সঙ্গে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলে সদর থানার ওসির অবিলম্বে পদত্যাগ দাবি করা হয়।
বিক্ষোভ সমাবেশে জেলা জাসাসের সেক্রেটারি ফারুক হোসেন, সাতক্ষীরা জেলা তাঁতি দলের সেক্রেটারি মোহাম্মদ সাহেব আলী, পৌর ছাত্রদলের সভাপতি প্রার্থী মোহাম্মদ নাহিদ হাসান, আলিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম জিকুসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ক্রাইম বার্তা