সাতক্ষীরা সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা পৌরশাখার উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টায় সাতক্ষীরা আল-আমিন ট্রাস্টের পৌর জামায়াত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। তিনি বলেন, “দায়িত্ব পাওয়া সম্মানের বিষয় নয়, এটি একটি আমানত। একজন দায়িত্বশীলকে নিজের দায়িত্ব ও জবাবদিহির বিষয়ে সব সময় সচেতন থাকতে হবে। সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে নিষ্ঠা, শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে কাজ করাই দায়িত্বশীলদের প্রধান কর্তব্য।”তিনি আরও বলেন, “দায়িত্বশীলদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও যোগাযোগ বাড়াতে হবে। মাঠপর্যায়ে মানুষের কাছে যেতে হবে এবং তাঁদের সমস্যা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা করা যাবে না।”
সাতক্ষীরা পৌরশাখার আমির জাহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন পৌর সেক্রেটারি খোরশেদ আলম। সভায় অন্যান্যের মধ্যে পৌর জামায়াতের নায়েবে আমির মাওলানা মুস্তাফিজুর রহমান, ফখরুল হাসান লাভলু, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু তালেবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, দায়িত্বশীলদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং দ্বীনি ও সামাজিক কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে জাহিদুল ইসলাম দায়িত্বশীলদের নিজ নিজ অবস্থান থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।
আবু সাইদ বিশ্বাস
সাতক্ষীরা
১৭/৯/২৬
ক্রাইম বার্তা