সাতক্ষীরা সংবাদদাতা:
‘দক্ষতাই শক্তি’—এই স্লোগানকে সামনে রেখে বেকার, শিক্ষা ও প্রশিক্ষণবঞ্চিত যুব ও নারীদের কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগের সঙ্গে যুক্ত করতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে Talent Hunt 2026।
মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকাল ৯টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো-এর বাস্তবায়নে এবং অ্যাকশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় ERFRT প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়। যুব-নেতৃত্বে স্থানীয় পর্যায়ে যুবদের দক্ষতা উন্নয়ন ও জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস।
Talent Hunt-এ সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), যুব উন্নয়ন অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রায় ১৫০ থেকে ২০০ জন যুবক-যুবতী এতে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা নিজেদের পছন্দ ও আগ্রহ অনুযায়ী বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের জন্য তালিকাভুক্ত হন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাস, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) সাতক্ষীরার অধ্যক্ষ অপু হালদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক, টিটিসি সাতক্ষীরার জব প্লেসমেন্ট অফিসার মো. আরিফুল ইসলাম এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক মোছা. লুৎফর নাহার বিথি, আবু সাইদ বিশ্বাস প্রমুখ।
আয়োজকরা জানান, Talent Hunt-এর উদ্দেশ্য শুধু যুবকদের প্রশিক্ষণের তথ্য দেওয়া নয়; বরং তাদের প্রশিক্ষণ থেকে কর্মসংস্থান পর্যন্ত একটি সংযুক্ত পথ তৈরি করা। আগ্রহী যুবকদের চিহ্নিত করে তাদের চাহিদা, যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী উপযুক্ত TVET প্রতিষ্ঠানে ভর্তির জন্য এনরোলমেন্ট করা হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হবে।
দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীদের সামনে বিভিন্ন কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণ কোর্সের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—বেসিক কম্পিউটার, মাছ চাষ, হাউজ ওয়্যারিং, রেডিও-টিভি ও ফ্রিজ মেরামত, ব্লক-বাটিক ও হস্তশিল্প, ওয়েল্ডিং, ক্যাটারিং, আধুনিক অফিস ব্যবস্থাপনা, পোশাক তৈরি, ইলেকট্রিক্যাল-ইলেকট্রনিক্স, গবাদিপশু পালন, হাঁস-মুরগি পালন, আইটি সাপোর্ট সার্ভিস, অটোমোবাইল, অটোক্যাড, মোবাইল ফোন সার্ভিসিং, গার্মেন্টস, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, গ্রাফিকস ও ভিজ্যুয়াল ডিজাইন, জাপানিজ ও কোরিয়ান ভাষা, ড্রাইভিং, টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং, ফ্যাশন ডিজাইন, বেকারি ও পেস্ট্রি, বিউটিফিকেশন, সুইং মেশিন অপারেশন, এমব্রয়ডারি, শো-পিস ও জুয়েলারিসহ বিভিন্ন কোর্স।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবকদের জন্য শুধু প্রশিক্ষণের সুযোগ তৈরি করাই যথেষ্ট নয়; প্রশিক্ষণ যেন বাস্তব কর্মসংস্থান ও মর্যাদাপূর্ণ জীবিকার সঙ্গে যুক্ত হয়, সে বিষয়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। দক্ষতা অর্জনের পাশাপাশি কর্মবাজারের চাহিদা বিবেচনায় নিয়ে প্রশিক্ষণ নির্বাচন করা জরুরি।
সভাপতির বক্তব্যে সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস বলেন, “যুবদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগ মানে দেশের ভবিষ্যতে বিনিয়োগ। Talent Hunt-এর মাধ্যমে আমরা প্রশিক্ষণ, দক্ষতা ও কর্মসংস্থানের মধ্যে একটি কার্যকর সংযোগ তৈরি করতে চাই।”
অনুষ্ঠানটি পরিচালনা করেন সিডোর প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান তহিদ। সার্বিক সমন্বয় করেন প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার।
মেলায় যুবকদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়, ক্যারিয়ার বিষয়ে পরামর্শ গ্রহণ এবং নিজেদের আগ্রহ অনুযায়ী প্রশিক্ষণ নির্বাচনের সুযোগ দেওয়া হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, Talent Hunt 2026-এর মাধ্যমে সাতক্ষীরার যুব ও নারীদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ আরও বিস্তৃত হবে। একই সঙ্গে প্রশিক্ষণ থেকে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে একটি কার্যকর ও টেকসই সংযোগ তৈরি হবে।
আবু সাইদ বিশ্বাস
সাতক্ষীরা
১৮/৮/২৬
ক্রাইম বার্তা