সাতক্ষীরায় অসুস্থ গরু এনে মাংস বিক্রির চেষ্টার সময় ৫ জন আটক

সংবাদদাতা: রোগাক্রান্ত ও পোকাধরা গরু গোপনে জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগে ৫ জনকে আটক করেছে সাতক্ষীরা থানা পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত ১টি পিকআপ ভ্যান, ১টি মোটরসাইকেল এবং ১টি অসুস্থ গরু উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২৬ আগস্ট) ভোরে সাতক্ষীরা ১৩নং লাবসা ইউনিয়নের মাগুরা বৌবাজার এলাকায় এই ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৪টার সময় একটি লাল-কালো রঙের বোলেরো চার চাকার পিকআপ গাড়িতে (রেজিঃ নং- খুলনা-ল-১১-১৭৪১) করে একটি রোগাক্রান্ত ফ্রিজিয়ান গরু নিয়ে আসা হয়। মাগুরা বৌবাজারের রাস্তার ধারে গরুটি নামানোর সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। গরুটির মুখ দিয়ে ক্রমাগত ফেনা ও লালা ঝরছিল এবং এটি নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা এলাকার সমাজসেবক এম সোহেল আহমেদ মানিকসহ স্থানীয়দের খবর দেন।

ব্রেকিংনিউজ সতর্কতা

খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃতপ্রায় গরুটি দেখতে পান এবং তৎক্ষণাৎ সাতক্ষীরা থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গরু নিয়ে ব্যক্তিদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১টি বোলেরো পিকআপ এবং ১টি বাজাজ পালসার মোটরসাইকেল (রেজিঃ নং- সাতক্ষীরা-ল-১১-৭৯৪০) জব্দ করা হয়।

দুপুর ১২:৪০ মিনিটের সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, সাতক্ষীরা সদরের উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসার শেখ সালাহউদ্দীন সাতক্ষীরা থানায় উপস্থিত হয়ে গরুটিকে পরীক্ষা-নিরীক্ষা করেন এবং গরুটি মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা পরস্পর যোগসাজশে বিভিন্ন এলাকা থেকে কম দামে মারাত্মক অসুস্থ ও রোগাক্রান্ত গরু সংগ্রহ করে। পরবর্তীতে এসব গরু গোপনে জবাই করে সুস্থ মাংস হিসেবে বাজারে বিক্রি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে বিপুল অর্থ আত্মসাৎ করে আসছিল।

আটককৃতরা হলেন সাতক্ষীরার মাছখোলা শিবতলা এলাকার আনসার আলী কারিগরের ছেলে আবুল বাশার কারিগর (৩০), একই এলাকার জিয়ারুল ইসলামের ছেলে তৈয়েবুর রহমান (১৯), একই এলাকার মৃত আরশাদ আলীর ছেলে মোঃ শাহিন ইসলাম (২০), খুলনার ডুমুরিয়া থানার সাহাপুর গ্রামের হাফিজুর শেখ এর ছেলে মোঃ ইব্রাহীম শেখ (২৫) এবং যশোরের কেশবপুর থানার মঙ্গলকোট গ্রামের মতলেব মোড়লের ছেলে মোঃ রবিউল ইসলাম (৩৫)।

এ বিষয়ে এম সোহেল আহমেদ মানিক বাদী হয়ে সাতক্ষীরা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। সাতক্ষীরা থানা পুলিশ জানায়, এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *