নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯, নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে

বুধবারের ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত দেশটির আটটি জেলা থেকে এসব লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নেপালি পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফলে দ্য পোস্টকে সর্বশেষ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের হালনাগাদ তথ্য অনুযায়ী, রাসুওয়ায় ১৭টি, নুয়াকোটে ২৮টি, ধাদিংয়ে ৩৩টি, চিতওয়ানে ১৩২টি, গোরখায় ৩০টি, তানাহুনে ২২টি, নওয়ালপরাসি ইস্টে ৮২টি এবং নওয়ালপরাসি ওয়েস্টে ১৫টি লাশ উদ্ধার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার নেপালে বন্যায় ২৮৯ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বাসিন্দা, নিরাপত্তাকর্মী এবং দেশি-বিদেশি পর্যটকসহ অন্তত ৮২৬ জন এখনো নিখোঁজ রয়েছে।

নিখোঁজদের মধ্যে নেপালি সেনাবাহিনীর ৪৪ জন, নেপাল পুলিশের ২৮ জন এবং সশস্ত্র পুলিশ বাহিনীর ১৩ সদস্যও রয়েছেন।

এ ছাড়া নিখোঁজ পর্যটকের সংখ্যা ৬৪৪। তাদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক এবং ১২৭ জন নেপালি।

তবে বার্তা সংস্থা রয়টার্স জানায়, নেপাল ও চীনের তিব্বতে হিমালয়ঘেঁষা এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রায় ১ হাজার ৫০০ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের মধ্যে ২৮ দেশের অন্তত ৮০০ জন বিদেশি নাগরিক।

বন্যার পানির স্রোতে রাসুয়া ও অন্যান্য জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ত্রিশূলী ও নারায়ণী নদী অববাহিকা দিয়ে নিম্নাঞ্চলের দিকে ধেয়ে যায়। এতে জনবসতি, সড়ক, সেতুসহ বিভিন্ন অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্যোগকবলিত এলাকাগুলোতে সরকারি সংস্থা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধার, তল্লাশি ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ অব্যাহত রয়েছে।

সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট/রয়টার্স/বিবিসি

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *