খুলনায় বিভাগে হামের উপসর্গ ও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা জেলায় সন্দেহজনক হামে ১ জন এবং যশোর জেলায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে প্রকাশিত পৃথক দুই প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০টি জেলায় নতুন করে ৪৭ জন হাম উপসর্গের রোগী শনাক্ত হয়েছেন এবং হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৭৭ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৮ জন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ১২ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত বিভাগে ১১ হাজার ১১১ জন হাম উপসর্গের রোগী চিহ্নিত হয়েছেন, যার মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৩৭৩ জনের। এ পর্যন্ত হামের উপসর্গে মোট ৪১ জনের মৃত্যু হলেও নিশ্চিত হামে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।

অন্যদিকে বিভাগজুড়ে ডেঙ্গু রূপ প্রকাশ করছে তীব্রভাবে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে সরকারি হাসপাতালে ২২৯ জন এবং বেসরকারি হাসপাতালে ২৩ জন। এই সময়ে যশোর জেলায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে বিভাগের সরকারি-বেসরকারি হাসপাতালে ৯৭০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে কেবল খুলনা জেলা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন আছেন ৬১০ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৫৩২ জনে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৩১৭ জন এবং মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে।

 

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *