তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলায় বিভিন্ন কোম্পানির নামে নকল সার ও কীটনাশক তৈরি করে বাজারজাত করার অভিযোগে মশিয়ার রহমান মোড়ল নামের এক বিসিআইসি সার সাব-ডিলারকে আটক করেছে র্যাব। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার লাউতাড়া গ্রামে মশিয়ার রহমানের বাড়িতে অভিযান চালায় র্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। এ সময় তাঁর বাড়ি থেকে বিপুল পরিমাণ নকল কৃষিপণ্য তৈরির উপকরণ, কীটনাশক তৈরির তরল, বোতল ও বিভিন্ন কোম্পানির লেবেল জব্দ করা হয়।
মশিয়ার রহমান উপজেলার লাউতাড়া গ্রামের ইমান আলীর ছেলে।
র্যাবের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, মশিয়ার রহমান তাঁর বাড়িতে বিভিন্ন কোম্পানির নামে অনুমোদনহীন সার ও কীটনাশক তৈরি করে বাজারজাত করছেন। এর ভিত্তিতে বুধবার সকালে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানে প্রায় ৯০০ লিটার কীটনাশক তৈরির তরল, ৮৭০ কেজি নকল কৃষিপণ্য তৈরির উপকরণ, বিভিন্ন ধরনের বোতল ও লেবেল উদ্ধার করা হয়। পরে মশিয়ার রহমানকে আটক করা হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা। তিনি জানান, নকল পণ্য প্রস্তুত ও বাজারজাতের অভিযোগে মশিয়ার রহমান মোড়লকে এক মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
এ ছাড়া জব্দ করা প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল মালামাল ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে।
ক্রাইম বার্তা