যশোরে ২৫ সনাতনী বাড়িতে অগ্নিসংযোগের খবর

যশোরের মনিরামপুরে সনাতনী পল্লীতে ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছে যশোর জেলা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে যশোর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মনিরামপুরসহ যশোর জেলার কোথাও এমন কোনো অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। একটি ভিডিও ছড়িয়ে দিয়ে যশোরের সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলেও জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম-সেবা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া “মনিরামপুরে সনাতনী পল্লীতে ২৫টি বাড়িতে অগ্নিসংযোগ” সংক্রান্ত সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের অপপ্রচারে কেউ যাতে বিভ্রান্ত না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

পুলিশ জানায়, যশোর দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মের মানুষের অসাম্প্রদায়িক সহাবস্থান ও সম্প্রীতির জন্য পরিচিত। সেই সম্প্রীতি বিনষ্ট এবং যশোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে কেউ এমন অপপ্রচার চালিয়ে থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যশোর জেলা পুলিশ এ ধরনের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচারের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়ে দৃঢ় অবস্থানের কথা জানিয়েছে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *