পটুয়াখালীর বাউফলে এক ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি এবং চাঁদা না দিলে তাঁকে জীবিত পুড়িয়ে মারার হুমকি দেওয়ার অভিযোগে ফরিদ গাজী নামের স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার তাঁকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ীর নাম গোবিন্দ চন্দ্র মণ্ডল (৫৩)। তিনি বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস এলাকার বাসিন্দা গৌরাঙ্গ চন্দ্র মণ্ডলের ছেলে এবং ঢাকায় আবাসন ব্যবসার সঙ্গে জড়িত।
পুলিশ ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় গোবিন্দ চন্দ্র মণ্ডলের পক্ষে প্রচারণামূলক পোস্টার-ফেস্টুন লাগানো হলে ফরিদ গাজী তাঁর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি মুঠোফোনে গোবিন্দকে পুড়িয়ে মারার হুমকি দেন। ফোনালাপে ফরিদ গাজীকে বলতে শোনা যায়, তিনি তাঁকে পুড়িয়ে মারবেন। গোবিন্দ চন্দ্র মণ্ডল বলেন, হুমকি পাওয়ার পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয় সূত্র জানায়, ফরিদ গাজী বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, মূল আহ্বায়ক কমিটির তালিকায় ফরিদ গাজীর নাম ছিল না। জাতীয় সংসদ নির্বাচনের আগে উপজেলা কমিটিতে নতুন করে যাঁদের অন্তর্ভুক্ত করা হয়, তাঁদের মধ্যে তিনি সদস্যপদ পান। বিষয়টি জেলা কমিটিকে অবহিত করা হয়েছে এবং সাংগঠনিক ব্যবস্থা জেলা কমিটিই নেবে বলে তিনি জানান।
এ বিষয়ে জানতে পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পরপরই ফরিদ গাজীকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ তাঁকে আদালতে পাঠানো হয়েছে। তিনি নিজে বর্তমানে ছুটিতে আছেন বলে জানান।
ক্রাইম বার্তা