খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন হল রোডের মসজিদ গলিতে একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে আজমুল হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ওই ভবনের একটি মেসে ভাড়া থাকতেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে চুরির অভিযোগে আজমুলকে মেসে থাকা খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক কয়েকজন শিক্ষার্থী ছাদে নিয়ে যান। সেখানে তাকে মারধর এবং মাথার চুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে। একপর্যায়ে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন আজমুল।
পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ, গভীর রাতে মারধরের একপর্যায়ে অভিযুক্তরা ফোন করে আজমুলের পরিবারের কাছে এক লাখ টাকা দাবি করেন। পরে ওই নম্বরটি বন্ধ করে দেয়া হয়। খবর পেয়ে রাতে চুয়াডাঙ্গা থেকে খুলনার উদ্দেশে রওনা দেন পরিবারের সদস্যরা। ভোরে এসে তারা আজমুলকে মৃত অবস্থায় দেখতে পান।
এ ঘটনায় প্রকৃত কী ঘটেছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, গভীর রাতে কয়েকজন যুবক আজমুলকে চুরির অপবাদ দিয়ে মারধর করে। রাত দেড়টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। তবে মৃত্যু নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। স্থানীয়রা ঘটনা সম্পর্কে পরিষ্কার কোনও ধারণা দিতে পারছে না। তবে মৃত যুবক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানতে পেরেছি আমরা।
ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে। পরিবারকে খবর দেয়া হয়েছে। থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
ক্রাইম বার্তা