সরকারি চাকরিতে বার্ষিক বেতনবৃদ্ধির দিন নির্দিষ্ট করে দিয়েছে নতুন জাতীয় বেতনস্কেল। জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুযায়ী, প্রতি অর্থবছরের প্রথম দিন ১ জুলাই সরকারি কর্মচারীদের বার্ষিক ইনক্রিমেন্ট কার্যকর হবে। তবে নতুন নিয়োগ পাওয়া কর্মচারীদের ক্ষেত্রে ইনক্রিমেন্ট পেতে ন্যূনতম ছয় মাসের কোয়ালিফাইং চাকরির শর্ত রাখা হয়েছে।
জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেটে প্রথম নিয়োগে বেতন নির্ধারণ, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে অগ্রিম ইনক্রিমেন্ট এবং বিসিএস ক্যাডারে নিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত ইনক্রিমেন্টের বিধান স্পষ্ট করা হয়েছে।
ছয় মাস চাকরি হলে মিলবে ইনক্রিমেন্ট
গেজেট অনুযায়ী, সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে প্রথমে কর্মচারীর বেতন নির্ধারণ করা হবে। এরপর ১ জুলাই ২০২৬ তারিখে একটি বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া হবে। তবে কোনো নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীর কোয়ালিফাইং চাকরির মেয়াদ ছয় মাসের কম হলে তিনি ওই ইনক্রিমেন্ট পাবেন না।
অর্থাৎ বার্ষিক বেতনবৃদ্ধির সুবিধা পেতে নতুন কর্মচারীর ক্ষেত্রে চাকরির ন্যূনতম মেয়াদ ছয় মাস হওয়া প্রয়োজন।
প্রথম নিয়োগে বেতন হবে স্কেলের শুরুতে
১ জুলাই ২০২৬ বা তার পরে প্রথমবার কোনো পদে নিয়োগ পাওয়া কর্মচারীকে সাধারণভাবে সংশ্লিষ্ট পদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এ নির্ধারিত স্কেলের প্রারম্ভিক বেতন দেওয়া হবে। বেতন নির্ধারণের ক্ষেত্রে গেজেটে উল্লেখ করা বিধান অনুসরণ করতে হবে।
তবে ৯ম গ্রেড বা তার ওপরে থাকা নির্দিষ্ট পদে নিয়োগের ক্ষেত্রে উচ্চতর শিক্ষাগত যোগ্যতার জন্য অতিরিক্ত অগ্রিম ইনক্রিমেন্টের সুযোগ রাখা হয়েছে।
কোন যোগ্যতায় কত অগ্রিম ইনক্রিমেন্ট
প্রথম নিয়োগের পদটি ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতনস্কেলের ৯ম গ্রেড বা তার ওপরে হলে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে অগ্রিম ইনক্রিমেন্ট পাওয়া যাবে।
এমবিবিএস, ব্যাচেলর অব আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং অথবা সরকার স্বীকৃত সমমানের ডিগ্রি থাকলে একটি অগ্রিম ইনক্রিমেন্ট দেওয়া হবে। তবে সংশ্লিষ্ট ডিগ্রিটি ওই পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে নির্ধারিত থাকতে হবে।
অন্যদিকে ইঞ্জিনিয়ারিং বা স্থাপত্যবিদ্যার ডিগ্রির পাশাপাশি মাস্টার্স ডিগ্রিসহ সরকার স্বীকৃত প্রতিষ্ঠানের ফিজিক্যাল প্ল্যানিংয়ে ডিগ্রি অথবা আইন বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকলে দুটি অগ্রিম ইনক্রিমেন্ট পাওয়ার বিধান রয়েছে। এ ক্ষেত্রেও সংশ্লিষ্ট যোগ্যতাকে পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে নির্ধারিত থাকতে হবে।
এ ছাড়া কোনো কর্মচারীর চিকিৎসা অনুষদের লাইসেন্স থাকলে এবং সেটি সংশ্লিষ্ট পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত হলে নিয়োগের সময় একটি অগ্রিম ইনক্রিমেন্ট দেওয়া হবে।
আগের কিছু বিধানও কার্যকর
নতুন গেজেটে উচ্চতর শিক্ষাগত যোগ্যতার জন্য অগ্রিম বেতন বা ইনক্রিমেন্ট দেওয়ার ক্ষেত্রে আগের কিছু সরকারি আদেশ ও শর্ত বহাল রাখা হয়েছে।
১৯৭০ সালের তৎকালীন শিক্ষা বিভাগের কয়েকটি স্মারক এবং ১৯৭৮ ও ১৯৮১ সালের অর্থ বিভাগের সংশ্লিষ্ট আদেশে থাকা শর্তগুলো কার্যকর থাকবে। একই সঙ্গে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের প্রবেশ পদে উচ্চতর প্রারম্ভিক বেতন এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বেতন নির্ধারণসংক্রান্ত পরবর্তী সরকারি বিধানও বহাল রাখা হয়েছে।
নতুন পে স্কেলে প্রথম নিয়োগের সময় সংশ্লিষ্ট গ্রেডের প্রারম্ভিক বেতন নির্ধারণের পর, যোগ্যতা অনুযায়ী অনুমোদিত অগ্রিম ইনক্রিমেন্ট যোগ করে চূড়ান্ত বেতন ঠিক করা হবে।
তবে এই অগ্রিম ইনক্রিমেন্টের সুবিধা কেবল প্রথম নিয়োগের সময়ই প্রযোজ্য। পরবর্তী সময়ে পদোন্নতি হলে নতুন করে এই সুবিধা পাওয়া যাবে না।
বিসিএস ক্যাডারে বাড়তি ইনক্রিমেন্ট
বিসিএস ক্যাডারের ৯ম গ্রেডে সরাসরি নিয়োগ পাওয়া কর্মচারীদের জন্য আলাদা সুবিধা রাখা হয়েছে। তাদের বেতন ৯ম গ্রেডের নির্ধারিত স্কেলে একটি অতিরিক্ত অগ্রিম ইনক্রিমেন্টসহ নির্ধারণ করা হবে।
তবে বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে ক্যাডার পদে সুপারিশ না পেলেও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশে ৯ম গ্রেডের নন-ক্যাডার পদে নিয়োগ পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে এই অতিরিক্ত ইনক্রিমেন্ট প্রযোজ্য হবে না। তাঁদের বেতন ৯ম গ্রেডের প্রারম্ভিক ধাপেই নির্ধারণ করা হবে।
এক বছরের জন্য বিশেষ নিয়ম
১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত সময়ে প্রথমবার নিয়োগ পাওয়া কর্মচারীদের জন্য গেজেটে বিশেষ একটি বিধান রাখা হয়েছে।
এই বিধান অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তি যদি ৩০ জুন ২০২৬ তারিখে চাকরিতে যোগ দিতেন, তাহলে বর্তমান ব্যবস্থায় যে বেতন পেতেন, সেটিকে ভিত্তি ধরে নতুন জাতীয় বেতনস্কেল অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে নতুন ও পুরোনো বেতনের পার্থক্যের নির্ধারিত শতাংশও বিবেচনায় নেওয়া হবে।
ক্রাইম বার্তা