সাতক্ষীরায় শিশুকে যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধ আট
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় আট বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে দুরুদ আলী (৬৬) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার কেরাগাছি ইউনিয়নের বাকসা হঠাৎগঞ্জ ডাক্তারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুরুদ আলীকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ওই শিশুকে প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শিশুটিকে যৌন নিপীড়নের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত দুরুদ আলীকে আটক করা হয়।
এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, পরিবারের অভিযোগে বলা হয়েছে, দুরুদ আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাতে এলাকার শিশুদের কাছে যাওয়ার চেষ্টা করতেন।
পুলিশ জানায়, আটক দুরুদ আলীকে আদালতের মাধ্যমে সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আবু সাইদ বিশ্বাস
সাতক্ষীরা
৩/১০/২৬
ক্রাইম বার্তা