যশোরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের র‍্যালি

যশোরে ডেঙ্গু জ্বরের প্রকোপ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক র‍্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা।

রোববার (৪ অকটোবর) বেলা সাড়ে ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে থেকে এ র‍্যালি বের করা হয়। এতে জামায়াতের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি বেলাল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং এ ক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা ও ব্যক্তিগত সচেতনতা অত্যন্ত জরুরি। বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। নিজ নিজ বাড়ি ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি নিয়মিত অপসারণের মাধ্যমে এডিস মশার প্রজনন রোধ করা সম্ভব। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডেঙ্গুমুক্ত সমাজ গঠনে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

কর্মসূচি শেষে প্রেসক্লাব যশোরের সামনে থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উকিল বার, প্যারিস রোড ও দড়াটানা হয়ে পুনরায় উকিল বারে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও জনসচেতনতামূলক বিভিন্ন বার্তা সংবলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন।

র‍্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, দপ্তর সম্পাদক নূর ই আল মামুন, পেশাজীবী থানা শাখার সভাপতি খন্দকার রাশেদুজ্জামান রতন, শহর জামায়াতের আমীর মাওলানা ইসমাইল হোসেন, সেক্রেটারি ইমরান হোসেন প্রমুখ।

বক্তারা ডেঙ্গুর ভয়াবহতা থেকে জনসাধারণকে সুরক্ষিত রাখতে সচেতনতা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি পরিচ্ছন্ন ও মশকমুক্ত পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *