সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে কালিগঞ্জ থানার কৃষ্ণনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এক ক্ষুদেবার্তায় সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিন ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মোক্তার হোসেন মোড়ল ও আসাদুল মোল্লা।
গত সোমবার (১২ অক্টোবর) শামীম ও তার স্ত্রীর কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। অডিওতে ধর্ম অবমাননাকর মন্তব্য রয়েছে— এমন অভিযোগে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওইদিন শামীমের বাড়িতে হামলার চেষ্টা করা হয় এবং স্থানীয় একটি বাজারে তাকে মারধর করা হয়।
পরদিন মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে স্থানীয় এক পল্লিচিকিৎসকের চেম্বারে চিকিৎসাধীন অবস্থায় একদল লোক তাকে সেখান থেকে বের করে আবার মারধর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অভিযোগ রয়েছে, ওই দিন রাতে ফজলুল হক আমিনীর নেতৃত্বে একটি মিছিল নিয়ে হাসপাতালে হামলা চালানো হয়। সেখান থেকে শামীমকে ছিনিয়ে নিয়ে আবারও মারধর করা হয়। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় শামীমের বড় ভাই আবদুল জলিল বাদী হয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে দেবহাটা থানায় হত্যা মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। এতে ফজলুল হক আমিনীকে প্রধান আসামি করা হয়েছে।
ক্রাইম বার্তা