সরকার জুলাই চেতনার বাইরে গিয়ে ফ্যাসিস্ট হতে চাচ্ছে: এমপি ইজ্জত উল্লাহ

কলারোয়ায় জামায়াতের রোকন সম্মেলন
সরকার জুলাই সনদ না মেনে আওয়ামী লীগকে ঢোকার পথ করে দিচ্ছে: এমপি আব্দুল খালেক

কলারোয়া প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, “সরকার জুলাই চেতনার বাইরে গিয়ে ফ্যাসিস্ট হতে চাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন না করে সাংবিধানিক পদ, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ছাত্রদল ও যুবদলের লোকদের বসাচ্ছে সরকার। তারা জুলাইকে ধারণ করে না বলেই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পথেই হাঁটছে।”
তিনি আরও বলেন, “বিএনপি জুলাইকে ধারণ করে না বলেই গণভোটকে অস্বীকার করছে এবং তা বাস্তবায়নে টালবাহানা করছে। সরকার জুলাই চেতনার বাইরে একের পর এক পদক্ষেপ নিচ্ছে। সম্প্রতি তারা সরকারি কর্ম কমিশনে (পিএসসি) হাত দিয়েছে। সেখানে চা খাওয়ার দাওয়াত দিয়ে পিএসসি চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যদের পদত্যাগের কথা বলা হচ্ছে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা এই দলীয়করণের বিরুদ্ধে ‘২৪-এর আন্দোলনে নেমে এসেছিল। সরকার যদি ফ্যাসিস্টের পথে চলতে থাকে, তবে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে।”
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় কলারোয়া উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লংমার্চ সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। প্রধান অতিথি আরও উল্লেখ করেন, আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে কুষ্টিয়াগামী জামায়াতসহ ১১ দলের লংমার্চ অনুষ্ঠিত হবে। লংমার্চের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি সংকট নিরসন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধের দাবিতে তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
সম্মেলনে কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামারুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

বিশেষ অতিথির বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “বিরোধী দল অন্যায়ের বিরুদ্ধে কথা বললে সেটিকে জুলাইবিরোধী আখ্যা দিয়ে নিজেদের দলীয়করণ ও ব্যর্থতা আড়াল করার জন্য জুজুর ভয় দেখিয়ে সব দায় বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা করছে সরকার। আমরা ফ্যাসিস্টদের কখনো আসার সুযোগ করে দিচ্ছি না। বরং সরকার বিরোধী দলের আন্দোলনকে উপেক্ষা করে যে অরাজকতা ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে, এই পথ দিয়েই তারা ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগকে ফিরে আসার সুযোগ করে দিচ্ছে।”
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের শূরা সদস্য মাওলানা ওমর আলী, কলারোয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহজাহান কবিরসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতাকর্মী।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *