নগরকে সুন্দর ও পুনরুজ্জীবিত করতে যাঁরা নিরন্তর পরিশ্রম করেন, সেই বস্তিবাসীকে অবহেলায় না রেখে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবি জানিয়েছেন বক্তারা।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের প্রধান ফটকের সামনে বিশ্ব নগর দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান। গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘শহরের পুনরুজ্জীবন: সবার জন্য পর্যাপ্ত আবাসন’।
মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আজাদ হোসেন বেলাল, জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, কমিটির যুগ্ম সদস্যসচিব আলী নূর খান বাবুল, লেখক সিদ্দিকুর রহমান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, গ্রিন কোয়ালিশনের যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন, বারসিকের প্রোগ্রাম কর্মকর্তা গাজী মাহিদা মিজান, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য জ্যোতি সরকার ও ইমতি জামিলসহ অন্যরা।
সভাপতির বক্তব্যে মাধব চন্দ্র দত্ত বলেন, সাতক্ষীরা পৌরসভা প্রথম শ্রেণির হলেও এখানকার অনেক মানুষ এখনো নগরসুবিধা থেকে বঞ্চিত। নগর উন্নয়ন পরিকল্পনায় সুবিধাবঞ্চিত মানুষের অধিকার ও আবাসনের বিষয়টি গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে বস্তিবাসীর জন্য পর্যাপ্ত আবাসন নিশ্চিত করতে হবে।
আলী নূর খান বাবুল বলেন, সাতক্ষীরা পৌরসভাকে সুন্দর ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে এখনই ১০০ বছরের পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। পরিকল্পিত আবাসন ও উন্নয়ন উদ্যোগ না নিলে ভবিষ্যতে শহরের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
ক্রাইম বার্তা