সাতক্ষীরা সীমান্তে ৬ লাখ ৭০ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১

সাতক্ষীরা সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ, ওষুধ ও নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীন গাজীপুর, কাকডাঙ্গা ও হিজলদী বিওপির টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, হিজলদী বিওপির সদস্যরা বড়ালি এলাকা থেকে ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ এবং কাকডাঙ্গা বিওপির সদস্যরা গেড়াখালি এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেন।

অন্যদিকে, গাজীপুর বিওপির সদস্যরা বেলতলা এলাকা থেকে সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদাড়ি গ্রামের রিপন হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে ৫ লাখ ৮৮ হাজার টাকা মূল্যের ১ হাজার ৯৬০টি ভারতীয় ট্যাপেন্টাডল (১০০ মিলিগ্রাম) ট্যাবলেট জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা পণ্যের মোট মূল্য ৬ লাখ ৭০ হাজার টাকা। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল। চোরাচালান প্রতিরোধ ও দেশের রাজস্ব সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *