নিজস্ব প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি নিয়ে সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন তৈরির বিষয়ে সাতক্ষীরায় তিন দিনব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে। আর্থ জার্নালিজম নেটওয়ার্কের আয়োজনে ২৭ অক্টোবর শুরু হওয়া এ কর্মশালা বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শেষ হয়। সাতক্ষীরার মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত কর্মশালায় ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, বাগেরহাট, যশোর ও সাতক্ষীরার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৪৪ জন সাংবাদিক অংশ নেন।
কর্মশালায় জলবায়ু পরিবর্তনের অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি বিষয়ে ধারণা দেন দ্য থার্ড পোলের সাবেক সম্পাদক জয়দ্বীপ গুপ্তা। প্রান্তিক মানুষের ভাষা, সংস্কৃতি ও উৎসবের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা করেন নাট্যকার ও গবেষক ড. সাইমন জাকারিয়া। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ মো. মোজাহিদ।
এ ছাড়া পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সাংবাদিকতার অভিজ্ঞতা তুলে ধরেন জ্যেষ্ঠ সাংবাদিক পিনাকী রায় ও কল্যাণ ব্যানার্জি। কর্মশালার দ্বিতীয় দিনে অংশগ্রহণকারীরা শ্যামনগর উপকূলের মুন্ডা সম্প্রদায়ের বসতি ও স্থানীয় জেলেপল্লি পরিদর্শন করেন। এ সময় তাঁরা জলবায়ু পরিবর্তনের ফলে স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রায় সৃষ্ট প্রভাব সম্পর্কে ধারণা নেন।
কর্মশালার শেষ দিনে জলবায়ু পরিবর্তনের অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি নিয়ে প্রতিবেদন তৈরিতে লিঙ্গসমতার গুরুত্ব তুলে ধরেন ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ডের কর্মকর্তা রিতু গুপ্তা।
আর্থ জার্নালিজম নেটওয়ার্কের জ্যেষ্ঠ প্রোগ্রাম অ্যাসোসিয়েট মানসী পিন্টু ও ইজেএন-বাংলাদেশের সমন্বয়কারী শামীম আরা শিউলির তত্ত্বাবধানে প্রতিবেদন তৈরির বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়নের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘটে।
ক্রাইম বার্তা