সুন্দরবন জলদস্যুমুক্ত না হলে বনে যাবেন না বনজীবীরা

সাতক্ষীরা সংবাদদাতা: সুন্দরবনকে জলদস্যুমুক্ত করা, বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত এবং অপহরণ, নির্যাতন ও চাঁদাবাজি বন্ধের দাবিতে সাতক্ষীরা রেঞ্জের উপকূলে নৌ-সমাবেশ ও বিক্ষোভ করেছেন বনজীবীরা। সোমবার (৯ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ২০০টি নৌকায় জেলে, বাওয়ালি ও বিভিন্ন শ্রেণি-পেশার বনজীবীরা অংশ নেন। বনজীবীদের অভিযোগ, সুন্দরবনে প্রবেশের আগে জলদস্যুদের চাঁদা দিতে হচ্ছে। টাকা না দিলে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির শিকার হতে হচ্ছে তাঁদের। ফলে জীবিকার একমাত্র অবলম্বন সুন্দরবনে যেতেও ভয় পাচ্ছেন অনেকে। নৌ-সমাবেশে আন্দোলনের সমন্বয়ক ও জাতীয়তাবাদী কৃষক দলের সাতক্ষীরা জেলা আহ্বায়ক সালাহ উদ্দিন লিটনসহ বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতারা অংশ নেন। বক্তারা জলদস্যুদের বিরুদ্ধে বিশেষ যৌথ অভিযান, অপহৃত জেলেদের উদ্ধার, নিয়মিত নৌ-টহল এবং বৈধ পারমিটধারীদের নিরাপদে বনে প্রবেশ নিশ্চিত করার দাবি জানান। এর আগে গত ১ নভেম্বর ১২ দফা দাবিতে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন বনজীবীরা। এদিকে ৮ নভেম্বর প্রকাশিত সংবাদ অনুযায়ী, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন এলাকা থেকে ১১ জেলেকে অপহরণ করে প্রত্যেকের মুক্তির জন্য এক লাখ টাকা করে দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বনজীবীরা বলেন, সুন্দরবন জলদস্যুমুক্ত না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। জানমালের নিরাপত্তা নিশ্চিত না হলে তাঁরা বনে যাবেন না।

আবু সাইদ বিশ্বাস
সাতক্ষীরা
৯/১১/২৬

 

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *