ইমামতি, শিক্ষকতা ও ইসলামের খেদমতে কেটেছে জীবনের দীর্ঘ সময়
আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরা: বয়স আশি পেরিয়েছে। জীবনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখন চাইলেই কাটাতে পারেন অবসর সময়। সন্তানদেরও ইচ্ছা, বাবা এবার বিশ্রাম নিন। কিন্তু বইয়ের প্রতি ভালোবাসা আর জ্ঞানচর্চার নেশা যাঁকে আজও ঘরে বসিয়ে রাখতে পারেনি, তিনি আলহাজ মাওলানা আফসার উদ্দিন। জীবনের প্রায় চার দশক ইমামতি, দীর্ঘ সময় শিক্ষকতা এবং ইসলামের খেদমতে কাটানোর পরও থেমে নেই তাঁর পথচলা। এখনো নিজের লাইব্রেরিতে বই পড়া, বই বিক্রি এবং নিয়মিত পত্রিকা পড়েই সময় কাটছে তাঁর।
১৯৪৯ সালে জন্মগ্রহণ নেওয়া আলহাজ মাওলানা আফসার উদ্দীনের বাড়ি সাতক্ষীরার শহরে মঞ্জিতপুর এলাকার অঅরাফাত মঞ্জিলে। তিন ছেলে ও তিন মেয়ের জনকের জীবনের অধিকাংশ সময় কেটেছে ধর্মীয় শিক্ষা, ইমামতি ও জ্ঞানচর্চায়। তাঁর আদি বাড়ি খুলনা জেলার কয়রাতে। পিতা আলহাজ সুফি আবদুল লতিফও পেশায় ছিলৈন একজন ইমাম।
মঙ্গলবার ১০ নভেম্বর রাতে ক্রাইমবাতার সাথে সাক্ষাৎকারে নিজের কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, ১৯৭০ সালে সাতক্ষীরা থানা মসজিদে ইমামতি শুরু করেন। সেখানে প্রায় ২৫ বছর ইমামতি করেন। পাশাপাশি সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক মসজিদে ২০ বছর জুম্মার ইমামতি করেন। এভাবেই জীবনের দীর্ঘ সময় তিনি ধর্মীয় দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন।
কর্মজীবনের শুরুতে তিনি সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালি দক্ষিণপাড়া দাখিল মাদ্রাসায় প্রায় ১০ বছর সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর সাতক্ষীরা নারকেলতলা মোড়সংলগ্ন টাউন গার্লসে ধর্মীয় শিক্ষক হিসেবে আরও ১০ বছর শিক্ষকতা করেন। সর্বশেষ সাতক্ষীরা পিটিআইয়ের ইসলামী স্টাডিজ বিভাগে প্রায় ১০ বছর পার্টটাইম শিক্ষক হিসেবে শিক্ষকতা করেন।
ইমামতি ও শিক্ষকতার মধ্য দিয়ে তিনি শুধু জীবিকা নির্বাহ করেননি, বরং মানুষের মধ্যে ধর্মীয় জ্ঞান, নৈতিকতা ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তাঁর কর্মজীবনের প্রতিটি অধ্যায়েই রয়েছে ধর্মীয় শিক্ষা ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার গল্প।
ব্যক্তিজীবনে তিনি তিন ছেলে ও তিন মেয়ের জনক। তাঁর সন্তানরা সবাই প্রতিষ্ঠিত। বয়সের ভারে এখন কিছুটা ধীর হয়েছেন। সন্তানরা চান, তিনি আর পরিশ্রম না করে বিশ্রামে থাকুন। কিন্তু বইয়ের প্রতি তাঁর ভালোবাসা এতটাই গভীর যে, অবসরকে তিনি নিছক বসে থাকার সময় হিসেবে দেখতে নারাজ।
সাতক্ষীরাপাঁকা পুলের মোড়ে নিজের হাতে গড়া মাদ্রাসা লাইব্রেরিতে বসে বই পড়া, পাঠকদের কাছে বই বিক্রি করা এবং পত্রিকা পড়ার মধ্যেই খুঁজে পান জীবনের আনন্দ। তাঁর কাছে বই শুধু বিক্রির পণ্য নয়, বরং জ্ঞান অর্জন ও জীবনকে সমৃদ্ধ করার অন্যতম মাধ্যম।
আশি বছরের বেশি বয়সেও তাঁর এই জ্ঞানচর্চার আগ্রহ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। যেখানে অনেকেই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেন, সেখানে আলহাজ মাওলানা আফসার উদ্দিন বইয়ের সঙ্গেই খুঁজে নিয়েছেন জীবনের নতুন ব্যস্ততা।
অঅবু সাইদ বিশ্বাস
সাতক্ষীরা
১০/১১/২৬
০১৭১২৩৩৩২৯৯
ক্রাইম বার্তা