খুলনায় ট্রেনের একটি বগিতে ও বটিয়াঘাটায় বিএনপি’র কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ট্রেনের বগির তিনটি চেয়ার ক্ষতিগ্রস্থ হয়।
খুলনা রেলওয়ে পুলিশ জানায়, রাত ১২ট ৫০ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নকশীকাথা ট্রেনটি খুলনা পৌঁছায়। পরে ট্রেনটি প্লাটফর্ম থেকে ওয়াস ফিল্ডে নেওয়ার পথে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে স্থানীয় ও উপস্থিত রেলওয়ে পুলিশের সহায়তায় আগুন নেভানো হয়। মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের।
রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান বলেন, ওয়াসফিল্ডে নেওয়ার পথে জোড়াগেটের সামনে নকশিকাথার বগি এস ৫২২৫ নং বগিতে আগুন লাগে। রাতে সকলে প্রচেষ্টায় অগুন নেভানো হয়। কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তিনি জানান।
অপরদিকে মঙ্গলবার ভোর রাতে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ১ নং জলমা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দারোগার ভিটার সামনে বিএনপি’র কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফযরের নামাযে দু’জন যুবক মোটরসাইকেলে এসে উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে দাড়ায়। এর কিছুক্ষণ পর অফিসের সামনে থাকা ব্যানারে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাদের দু’জনের মুখে মুখোশ পরা ছিল বলে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের সহায়তায় আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ এসএম মিজানুর রহমান বলেন, দু’জন যুবক ব্যানারে আগুন দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আমরা মাঠে রয়েছি। এ ঘটনার তদন্ত চলছে। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের কোনো রকমের ছাড় দেওয়া হবে না।
ক্রাইম বার্তা