মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই তার সাজা কার্যকর করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, দণ্ডিত হওয়ায় আইন অনুযায়ী শেখ হাসিনার নতুন করে পাসপোর্ট পাওয়ারও কোনো সুযোগ নেই।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, ‘সাজার বিরুদ্ধে আপিল না করায় দেশে ফিরলেই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।’
পাসপোর্ট ইস্যু প্রসঙ্গে মো. আমিনুল ইসলাম বলেন, “পাসপোর্ট দেওয়া না দেওয়া সম্পর্কিত আমাদের আইনের বিধানটা কী? ‘বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩’ অনুযায়ী কাউকে পাসপোর্ট ইস্যু করা হয়। বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩ এর আর্টিকেল ৬ এবং ৭ অত্যন্ত প্রাসঙ্গিক। আর্টিকেল ৬ এ বলেছে, কোনো আসামি যদি দণ্ডিত হন এবং যখন তিনি পাসপোর্ট চাচ্ছেন তার থেকে ৫ বছরের মধ্যে তিনি দণ্ডপ্রাপ্ত হন এবং সেই দণ্ডের পরিমাণ যদি সর্বনিম্ন ২ বছর পর্যন্ত হয়, তাহলে পাসপোর্ট অথরিটি তার বরাবরে কোনো পাসপোর্ট ইস্যু করবে না। একইভাবে আর্টিকেল ৭ এ বলেছে, কোনো দণ্ডিত ব্যক্তি যদি কোনো নৈতিক স্থলনের কারণে কোনো দণ্ডিত ব্যক্তি তার পাসপোর্ট জব্দ করা যেতে পারে, অথবা এটা বাতিল করা যেতে পারে।”
তিনি আরও বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কর্তৃক মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত। এটাকে নৈতিক স্থলনজনিত অপরাধ বলা হয়। যার ফলে সঙ্গত কারণেই বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করেছেন এবং পাসপোর্ট আইনের ৬ এর এ, বি, সি, ই- এই ধারাগুলি যদি কম্বাইন্ডলি দেখেন, সেখানে দেখবেন, যেহেতু তিনি দণ্ডপ্রাপ্ত, পাসপোর্ট অথরিটির আর কোনো এখতিয়ার নাই কোনো দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট ইস্যু করার।’
ক্রাইম বার্তা