যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, সাবেক পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে গুরুতর আহত করার মামলায় পুলিশের সাবেক তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৫ মে তিন লাখ এক টাকা দেনমোহরে তানিয়া আরেফিনের সঙ্গে রফিকুল ইসলামের বিয়ে হয়। তানিয়া সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের বাসিন্দা। অন্যদিকে রফিকুল ইসলামের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী প্রতাপপুর গ্রামে।

অভিযোগে বলা হয়, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন রফিকুল। এরই ধারাবাহিকতায় ২০২০ সালের ২৫ ডিসেম্বর ভোররাতে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন তিনি। দাবিকৃত টাকা না পেয়ে স্ত্রীকে রড ও ইট দিয়ে মারধর করা হয়। এতে তানিয়ার নাকের হাড় ভেঙে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় নির্যাতনের শিকার তানিয়া আরেফিন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা করে আদালত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত বলে রায় দেন।

আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(খ) ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং ১১(গ) ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে দুই ধারায় পৃথকভাবে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। দুই ধারার সাজা একসঙ্গে কার্যকর হবে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ। তিনি রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *