জিআই পণ্যের স্বীকৃতির দাবী
আবু সাইদ বিশ্বাস: সাতক্ষীরা : শতবর্ষের ঐতিহ্য, খামারিদের নিরলস শ্রম আর কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি সাতক্ষীরার মিষ্টান্ন দেশের সীমানা পেরিয়ে জায়গা করে নিয়েছে কানাডা, সৌদি আরবসহ আন্তর্জাতিক বাজারে। গুনে, মানে ও স্বাদে সেরা হওয়ায় দিনের পর দিন এর চাহিদা বাড়ছে। বিশেষ করে খাঁটি গরুর দুধের ছানা এবং শীতের নলেন গুড়ের তৈরি ‘পেড়া সন্দেশ’ ও সন্দেশের সুনাম আজ বিশ্বজুড়ে। সম্ভাবনাময় এই শিল্পকে আরও এগিয়ে নিতে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি ও অবকাঠামোগত উন্নয়নের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
বিশেজ্ঞরাদের মতে সাতক্ষীরার মিষ্টির গৌরবময় ইতিহাসের সূচনা ব্রিটিশ আমলে, প্রখ্যাত হাজারি ময়রার হাত ধরে। সে সময় তাঁর তৈরি মিষ্টি এতটাই বিখ্যাত ছিল যে, তা সুদূর ইংল্যান্ডেও যেত। পরবর্তীতে সুশীল ময়রা, কেষ্ট ময়রা এবং ফকির ময়রার হাত ধরে এ অঞ্চলের মিষ্টি শিল্প অনন্য উচ্চতায় পৌঁছায়। বিশেষ করে ফকির ময়রার তৈরি ‘পেড়া সন্দেশ’ দেশজুড়ে ব্যাপক খ্যাতি অর্জন করে। এ ছাড়া কেষ্ট ময়রার নিজস্ব ফ্লেভারের সন্দেশ ও দই, আতর আলীর দই-ঘোল এবং একসময় প্রতাপনগর ও নয়াবেকি হাটের লাল রঙের বড় আকারের ‘মালফো’ মিষ্টিও দারুণ জনপ্রিয় ছিল। সময়ের পরিক্রমায় কেষ্ট ময়রার পরিবার ব্যবসা গুটিয়ে নিলেও পূর্ণ সাহা, কীর্তি সাহা, আদি ঘোষ এবং বর্তমান প্রজন্মের কারিগররা সেই ঐতিহ্য ধরে রেখেছেন। এর বাইরে অসংখ্য মুসলিম কারিগর গড়ে তুিলেছে হরেক রকমের মিষ্টান্ন।
জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্যমতে, দুগ্ধ উৎপাদনে সাতক্ষীরা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে জেলায় ২ লাখ ২৫ হাজার ৮৩০ মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে প্রকৃত দুধ উৎপাদিত হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৫৪১.১৩ মেট্রিক টন। তালার জিয়ালা ও খলিশখালিসহ সদর ও কালিগঞ্জ উপজেলার খামারগুলোর এই বিপুল উদ্বৃত্ত দুধ ও উন্নত ফ্যাটের কারণেই এখানকার ছানার মান অনন্য।
বিখ্যাত কারিগর শংকর ঘোষ জানান, বড় কড়াইয়ে খাঁটি গরুর দুধ জ্বাল দিয়ে ছানা তৈরির পর চিনি বা খেজুরের নলেন গুড় দিয়ে ভালোভাবে ঘুঁটে দানা বের করে সন্দেশ ও পেড়া সন্দেশ তৈরি করা হয়। খেজুর রসের ঘ্রাণ আর হালকা লালচে রঙের নলেন গুড়ের সন্দেশের স্বাদই আলাদা।
মিষ্টি ব্যবসায়িরা জানান, সাধারণ মিষ্টি দ্রুত নষ্ট হলেও সাতক্ষীরার নলেন গুড়ের পেড়া সন্দেশ স্বাভাবিক তাপমাত্রায় ১০-১৫ দিন এবং ফ্রিজে মাসের পর মাস ভালো থাকে। এই সুবিধাকে কাজে লাগিয়ে ২০২২ সাল থেকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কানাডায় নিয়মিত যাচ্ছে নলেন গুড়ের পেড়া সন্দেশ, সন্দেশ, ল্যাংচা ও কাঁচাগোল্লা। বছরে গড়ে প্রায় এক টন মিষ্টি মাইনাস ৪০ ডিগ্রি তাপমাত্রায় ফ্রোজেন করে চট্টগ্রাম ও মোংলা বন্দর হয়ে কানাডায় পাঠানো হচ্ছে। এ ছাড়া প্রবাসীদের মাধ্যমে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যেও নিয়মিত যাচ্ছে এখানকার রসগোল্লা ও পেড়া সন্দেশ।
অন্যান্য জেলার তুলনায় সাতক্ষীরার মিষ্টির দাম বেশ সাশ্রয়ী। বর্তমানে বাজারে চিনির সন্দেশ ৩৬০ টাকা, গুড়ের সন্দেশ ৪০০ টাকা, চিনির পেড়া সন্দেশ ৪০০ টাকা এবং নলেন গুড়ের পেড়া সন্দেশ ৪২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সরেজমিনে শহরের নিউমার্কেট-সংলগ্ন আমিনিয়া মার্কেটের ‘আদি সাগর সুইটস’, লাবণী মোড়ের ‘জায়হুন ডেইরি শপ’সহ বিভিন্ন দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। আদি সাগর সুইটসের মালিক আবুল কালাম জানান, অধিক মুনাফার চেয়ে গুণগত মান ও ক্রেতার সন্তুষ্টিকেই তাঁরা বেশি গুরুত্ব দেন। এদিকে ঐতিহ্যবাহী দোকানের পাশাপাশি ‘ভাগ্যকুল’, ‘সাগর সুইটস’, ‘দই সন্দেশ’, ‘জায়হুন’ ও ‘লেকভিউ’-এর মতো প্রতিষ্ঠানগুলো ঢাকাই ও আধুনিক স্বাদের মিষ্টি এনে ভোজনরসিকদের মন জয় করছে। এমনকি ক্রেতার চাহিদা মেটাতে ছুটিতে থাকা কারিগরকে উড়োজাহাজে করে ঢাকা থেকে সাতক্ষীরায় নিয়ে আসার মতো নজিরও গড়েছে স্থানীয় প্রতিষ্ঠান।
‘সাগর সুইটস’-এর ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান তাজ বলেন, “নলেন গুড়ের বিশেষ ফ্লেভারের কারণে আমাদের পেড়া-সন্দেশ আন্তর্জাতিক বাজারে ব্যাপক জনপ্রিয়। এটি সাতক্ষীরার জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পূর্ণ দাবি রাখে। তবে জেলায় ফ্রোজেন আইটেমের জন্য নির্দিষ্ট কোনো প্রসেসিং ইউনিট না থাকায় রপ্তানিতে বেগ পেতে হয়। আমরা জেলাভিত্তিক প্রসেসিং কেন্দ্র ও সহজ রপ্তানি মাধ্যম চালুর দাবি জানাই।”
সাতক্ষীরা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি শাহ আলম বলেন, “প্রতিদিন রাতে ঢাকার গাড়িতে বিপুল পরিমাণ মিষ্টি দেশের নানা প্রান্তে চলে যায়। কিন্তু এই শিল্পে ব্যাংক ঋণ বা সরকারি সহায়তার তেমন সুযোগ নেই। দ্রুত পেড়া সন্দেশের জিআই স্বীকৃতি দেওয়া হলে সাতক্ষীরার অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।”
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এফ এম মান্নান কবির জানান, চাহিদার তুলনায় দুধ উদ্বৃত্ত থাকায় এবং গুণগত মান ভালো হওয়ায় সাতক্ষীরার মিষ্টির সুনাম আজ দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে। সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও জিআই স্বীকৃতি মিললে সাতক্ষীরার এই ঐতিহ্যবাহী মিষ্টি শিল্প দেশের অন্যতম প্রধান রপ্তানি খাতে পরিণত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ক্রাইম বার্তা