১০ টাকার নোটের সিরিয়ালেই নিয়ন্ত্রণ সুন্দরবন! চাঁদা না দিলেই অপহরণ, লাখ টাকা মুক্তিপণ

সরকারি পাস নিয়েও রেহাই নেই জেলে-বাওয়ালিদের, দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে আন্দোলন
স্টাফ রিপোর্টার: জীবিকার তাগিদে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে যান জেলেরা। কিন্তু বনে প্রবেশের আগেই তাঁদের পড়তে হচ্ছে বনদস্যুদের চাঁদাবাজির ফাঁদে। শুধু নির্ধারিত টাকা দিলেই হচ্ছে না, কোনো কোনো দস্যু বাহিনীর কাছে জমা দিতে হচ্ছে ১০ টাকার নোটের নির্দিষ্ট সিরিয়াল নম্বরও। সেই নম্বরের নোট সঙ্গে না থাকলে নৌকাসহ আটকে রেখে করা হচ্ছে অপহরণ। দাবি করা হচ্ছে ৫০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ। এতে সুন্দরবননির্ভর হাজারো মানুষের জীবিকা এখন চরম হুমকির মুখে।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুরসহ সুন্দরবনসংলগ্ন এলাকার জেলে ও বাওয়ালিদের অভিযোগ, সরকারি অনুমতি বা পাস নিয়েও তাঁরা বনদস্যুদের চাঁদা থেকে রেহাই পাচ্ছেন না। এক বাহিনীকে টাকা দেওয়ার পর আবার অন্য বাহিনীর চাঁদাবাজির মুখে পড়তে হচ্ছে। ফলে মাছ-কাঁকড়া আহরণে গিয়ে যা আয় হচ্ছে, তার বড় অংশই চলে যাচ্ছে দস্যুদের পকেটে।
স্থানীয় জেলে মোহাম্মদ আল আমিন ইসলাম জানান, বনদস্যুরা ১০ টাকার নোটের নির্দিষ্ট সিরিয়াল নম্বর পাঠিয়ে দেয়। সেই নম্বরের নোট না থাকলে জেলেদের আটকে রেখে এক লাখ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত দাবি করা হয়। এভাবে চলতে থাকলে পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকাই কঠিন হয়ে পড়বে।
নীলডুমুর গ্রামের জেলে আবু হাসানের অভিযোগ, সুন্দরবনে যাওয়ার পথে বনদস্যুদের হাতে আটক হয়ে তাঁকে ৫০ হাজার টাকা দিতে হয়েছে। সেই টাকা জোগাড় করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন তিনি। একই অভিজ্ঞতা আব্দুল রশিদেরও। তাঁকে প্রায় এক সপ্তাহ বনে আটকে রাখার পর ৫০ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়, এরপর থেকে আর বনে যাওয়ার সাহস পাননি তিনি।
স্থানীয় বাসিন্দা মন্টু গাজী বলেন, একাধিক দস্যু বাহিনীর তৎপরতায় জেলেরা দিশেহারা। এক বাহিনীকে টাকা দিয়েও নিরাপত্তা মিলছে না। অন্য বাহিনী আবার নতুন করে চাঁদা দাবি করছে।
এ পরিস্থিতিতে সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে গত ৯-১০ দিন ধরে আন্দোলন করছেন স্থানীয় বনজীবী ও বাসিন্দারা। বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন লিটন বলেন, দস্যুদের স্লিপ বা কার্ড ছাড়া এখন বনে যাওয়া কঠিন হয়ে পড়েছে। আন্দোলন শুরু করার পর বনজীবীদের হুমকি-ধমকিও দেওয়া হচ্ছে।
অভিযোগ রয়েছে, আত্মসমর্পণ করা সাবেক কিছু দস্যুও নতুন করে সংগঠিত হয়ে বনে তৎপরতা চালাচ্ছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বনজীবীরা।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইরফান উদ্দিন বলেন, বনদস্যুদের উপদ্রবের বিষয়টি বন বিভাগের নজরে রয়েছে। দস্যুমুক্ত সুন্দরবন গড়তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিয়মিত টহল ও অভিযান চালানো হচ্ছে।
নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ জানান, সুন্দরবনে নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। বনদস্যুদের তৎপরতা রোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।
প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ সুন্দরবন উপকূলের মানুষের জীবিকার অন্যতম প্রধান উৎস। অথচ সেই বনে জীবিকার সন্ধানে গিয়ে যদি জীবন ও সম্পদ দুটিই ঝুঁকিতে পড়ে, তাহলে শুধু অভিযান নয়, প্রয়োজন দস্যুদের চাঁদাবাজির নেটওয়ার্ক ভেঙে জেলে-বাওয়ালিদের স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা।

আবু সাইদ বিশ্বাস
সাতক্ষীরা
১৪/১১/২৬
০১৭১২৩৩৩২৯৯

 

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *