সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তাঁকে দেখতে গেছেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
১৫ নভেম্বর (রবিবার) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আবু জাহিদ ডাবলুকে সাতক্ষীরার ব্লিস হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি চিকিৎসক ডা. সুমন কুমার দাসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
এ সময় মাওলানা আজিজুর রহমান হাসপাতালে গিয়ে আবু জাহিদ ডাবলুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। পরে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া শেষে মাওলানা আজিজুর রহমান বলেন, মহান আল্লাহ যেন আবু জাহিদ ডাবলুকে দ্রুত সম্পূর্ণ সুস্থতা দান করেন এবং আবারও সুস্থভাবে মানুষের মাঝে ফিরিয়ে এনে জনগণের সেবা করার তৌফিক দান করেন। একই সঙ্গে তিনি যেন সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করতে পারেন, মহান আল্লাহর কাছে সেই প্রার্থনা করেন।
সাক্ষাৎকালে উভয়ের মধ্যে পারস্পরিক কুশল বিনিময় হয় এবং বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। এ সময় আবু জাহিদ ডাবলুর পরিবারের সদস্যরা এবং বিএনপি ও জামায়াতের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ক্রাইম বার্তা