সাতক্ষীরায় বিশেষ চাহিদাসম্পন্ন ৯১ শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ
সাতক্ষীরা সংবাদদাতা:
“প্রতিবন্ধীদের উন্নয়নে আমাদের সবাইকে সহানুভূতি ও আন্তরিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়- আমাদের সন্তান। শিক্ষার অধিকার সবার জন্য সমান। তাই বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা যেন এ অধিকার থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরার সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন পরিচালিত বিদ্যালয়টির বিভিন্ন শ্রেণির ৯১ জন শিক্ষার্থীর মাঝে সোয়েটার, কেডস ও মোজা বিতরণ করা হয়। বিদ্যালয়ের দাতা সদস্য ফারিয়াল কামাল লস্করের আর্থিক সহযোগিতায় এসব শীতের সামগ্রী বিতরণ করা হয়।
প্রবীণ আইনজীবী ও বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট এ কে এম শহীদউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এবং জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ইমদাদুল হক , জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা নাজমা আক্তার, সহকারী শিক্ষিকা রুমা রাণী বরকন্দাজসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোস্তফা কামাল লস্করের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আবু সাইদ বিশ্বাস
সাতক্ষীরা
২৬/১১/২৬
০১৭১২৩৩৩২৯৯
ক্রাইম বার্তা