ভারতে গ্রেপ্তার হাদী হত্যা মামলার দুই আসামীকে শিগগিরই দেশে ফেরানো হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আলোচিত শরীফ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামী ভারতে গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তাদের দেশে ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে এবং এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সোমবার দুপুরে কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের আসামি প্রত্যর্পণ সংক্রান্ত যে দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে, সেই চুক্তির আওতায় দ্রুতই গ্রেপ্তার হওয়া দুই আসামীকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে অনেকেই ‘মব’ শব্দটি ব্যবহার করছেন। তবে সব ঘটনাকে মব হিসেবে চিহ্নিত করা ঠিক নয়। কিছু বিচ্ছিন্ন ঘটনাকে মব বলা হলেও সরকার কোনোভাবেই মব সৃষ্টির সুযোগ দেবে না। মব সহিংসতা বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, সারাদেশে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পবিত্র রমজান মাসের পরপরই এ অভিযান শুরু হবে। তিনি বলেন, “কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা সংঘবদ্ধ অপরাধী আইনের বাইরে থাকবে না। এটি এ সরকারের অঙ্গীকার এবং জনগণের প্রত্যাশা।”

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশের মানুষ যাতে স্বস্তিতে বসবাস করতে পারে এবং জনপ্রত্যাশা অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠা করা যায়, সে লক্ষ্যেই সরকারের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আগামী এক সপ্তাহের মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা ও ঝুপড়ি দোকান উচ্ছেদ করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, “কক্সবাজার একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র। তাই সমুদ্র সৈকতকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সৈকতের কোথাও পলিথিন বা ঝুপড়ি দোকান থাকতে পারবে না।”

এছাড়া মাদকবিরোধী অভিযানে বর্তমান সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে সারাদেশে অনলাইন জুয়া বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *