মুক্তিপণ দিয়ে অপহৃত জেলের ফেরা

সুন্দরবনে মাছ শিকারে গিয়ে বনদস্যুদের হাতে অপহৃত জেলে সফিকুল ইসলাম (৩৭) মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন। বুধবার (১৮ মার্চ) রাতে তিনি অন্যান্য জেলেদের সহযোগিতায় নৌকাযোগে বাড়িতে ফেরেন। এর আগে শনিবার সন্ধ্যায় সুন্দরবনের ফিরিঙ্গি নদীর কুকোমারী খাল এলাকা থেকে ‘জোনাব বাহিনী’ পরিচয়ে একদল বনদস্যু তাকে অপহরণ করে।

সফিকুল ইসলাম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের ইলিয়াস গাজীর ছেলে।

তিনি জানান, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে অনুমতিপত্র নিয়ে শ্যালক সামাদ আলী (২৩) ও ইব্রাহিম হোসেন (৪৫)-কে সঙ্গে নিয়ে মাছ শিকারে যান। শনিবার সন্ধ্যায় বনদস্যুরা তাকে অপহরণ করে এবং অন্য দু’জনকে মুক্তিপণের টাকা সংগ্রহের শর্তে ছেড়ে দেয়।

তার কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হলেও পরে ৭০ হাজার টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়।সহযোগী ইব্রাহিম হোসেন জানান, একই নদী থেকে একদিন আগে আরও একজন জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। তার বাড়ি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে বলে জানা গেছে। নির্ধারিত সময়ে টাকা দিতে না পারায় ওই জেলেকে মারধর করা হয়েছে বলেও তিনি জানান।

সফিকুল ও তার সহযোগীদের দাবি, বনদস্যুরা ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকা থেকে এসে জেলেদের অপহরণ করে এবং পরে ভারতীয় সুন্দরবনের ভেতরে চলে যায়।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন, একজন জেলে মুক্তিপণ দিয়ে ফিরেছে বলে তিনি শুনেছেন।

শ্যামনগর থানার ওসি মো. খালেদুর রহমান জানান, অপহরণের ঘটনায় ভুক্তভোগীরা অনেক সময় বিষয়টি গোপন রাখেন এবং নিজেরাই মীমাংসা করেন। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *