আবু সাঈদ বিশ্বাস, সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নকল দুধ তৈরির কাজে ব্যবহৃত প্রায় এক হাজার কেজি জেলিসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত ব্যক্তিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোররাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খানের নির্দেশে এসআই তারিকুর রহমান শুভ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের পশ্চিম ঘোষপাড়া এলাকার শ্রী শ্রী দুর্গা মন্দিরের সামনে থেকে ঢাকা মেট্রো-ন ১৩-২৯৪৫ নম্বরের একটি ট্রাক জব্দ করা হয়।
অভিযানে ট্রাকটিতে থাকা নকল দুধ তৈরির কাজে ব্যবহৃত এক হাজার কেজি জেলি উদ্ধার করা হয়। তবে পুলিশ ট্রাকটির কাছে পৌঁছানোর আগেই সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আশাশুনি থানার ওসি শামীম আহমদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মালামাল ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে পরবর্তী নিষ্পত্তির কার্যক্রম সম্পন্ন করা হবে।
ক্রাইম বার্তা