সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

আবু সাঈদ বিশ্বাস, সাতক্ষীরা সংবাদদাতা:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামে একটি বিএনপি কার্যালয়ের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) সকালে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দলীয় নেতাকর্মীরা দুদলী বিএনপি কার্যালয়ে এসে অফিসের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের চিহ্ন দেখতে পান। এ সময় কার্যালয়ের সামনে দুটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ককটেল দুটি উদ্ধার করে এবং এলাকা পরিদর্শন করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কার্যালয়টিতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে।
মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলী বাবু বলেন, “সকালে নেতাকর্মীরা কার্যালয়ে এসে আগুন দেওয়ার চিহ্ন দেখতে পান। পরে অফিসের আশপাশে দুটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। ঘটনায় অফিসের আসবাবপত্র ও বিভিন্ন মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।” তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, সকালে পরিত্যক্ত অবস্থায় দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ ঘটনাটির রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে কাজ করছে বলে জানা গেছে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *