কলারোয়া সীমান্তে বিপুল পরিমানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ লাখ ৪৮ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৯ আগস্ট) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ হিজলদী, চান্দুরিয়া বিওপি ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস-এর ১৫ আরবি থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানার বড়ালী পাকা রাস্তা এলাকায় অভিযান চালায়। এ সময় ৫ লাখ ৬৮ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করা হয়।
অন্যদিকে, চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/৭-এস-এর ১২ আরবি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চান্দুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার টাকা মূল্যের ২৫ বোতল ভারতীয় ‘Eskuf Syrup’ জব্দ করে।
এছাড়া ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের বিশেষ আভিযানিক দল কলারোয়া থানার বোয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে।
তিনটি অভিযানে সর্বমোট ৬ লাখ ৪৮ হাজার টাকা মূল্যের মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। তবে অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় এসব মালামাল জব্দ করা হয়। ভারতীয় পণ্য অবৈধভাবে দেশে প্রবেশের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব থেকে বঞ্চিত হয়।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক ও অতিরিক্ত পরিচালক (উপ-অধিনায়ক) মেজর শাদমান সাকিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজিবির পক্ষ থেকে সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।
আবু সাইদ বিশ্বাস
সাতক্ষীরা
২০/৮/২৬
ক্রাইম বার্তা