নগরীতে তুষার (৩২) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৫ টার দিকে সদর থানার পূর্ব বানিয়াখামার আনসার আলী গলির সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি মোটরসাইকেল ও কিছুদূর থেকে গুলির দু’টি খোসা উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৫টার দিকে পূর্ব বানিয়াখামার খাদেমুল উলুম মাদ্রাসার কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় দুর্বৃত্তরা অস্ত্র বের করে গুলি করলে তুষারের পিঠে একটি গুলি বিদ্ধ হয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরবর্তীতে সদর থানা পুলিশকে খবর দেওয়া হলে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
খুলনা থানার অফিসার ইনচার্জ মো: লোকমান হোসেন রিপন বলেন, হত্যাকারীদের শনাক্ত করা গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। নিহত তুষারের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা রয়েছে।
ক্রাইম বার্তা