সাতক্ষীরায় মামলা বাণিজ্যের অভিযোগ: স্বর্ণ চোরাচালান মামলায় ব্যবসায়ি রতনকে জড়ানোর চেষ্টা 

সাতক্ষীরার স্বর্ণ চোরাচালান মামলায় ব্যবসায়ি রতনকে জড়ানোর চেষ্টা

 

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরার ভোমরা সীমান্তে স্বর্ণ চোরাচালানের ঘটনায় দায়ের করা মামলায় নিজের নাম জড়ানোর চেষ্টার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জের ব্যবসায়ী ও ‘রাহাবার এগ্রো’র স্বত্বাধিকারী মোঃ ইসমাইল হোসেন রতন (৩২)। ১৯ নভেম্বর ২০২৬ তারিখে দেওয়া এক প্রতিবাদলিপিতে তিনি দাবি করেছেন, স্বর্ণ উদ্ধারের ঘটনায় তাঁর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। ব্যবসায়িক পাওনা টাকা আদায়ের বিরোধকে কেন্দ্র করে তাঁকে পরিকল্পিতভাবে হয়রানি ও মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে।

প্রতিবাদলিপিতে ইসমাইল হোসেন রতন উল্লেখ করেন, সাতক্ষীরা সদর থানার স্বর্ণ চোরাচালান মামলার (এফআইআর নং-০৯, তারিখ ০৩/১১/২০২৬, জিআর নং-৫৪২/২০২৬) রিমান্ড-পরবর্তী পুলিশ প্রতিবেদনে এবং নাটোরের বড়াইগ্রাম থানায় পাঠানো একটি বেতার বার্তায় জব্দকৃত স্বর্ণের কথিত মালিক হিসেবে তাঁর নাম ও স্থায়ী ঠিকানা উল্লেখ করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। এ তথ্যকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিনি এর প্রতিবাদ জানিয়েছেন।

তিনি জানান, তাঁর স্থায়ী ঠিকানা নাটোরের বড়াইগ্রাম এবং বর্তমান ব্যবসায়িক ঠিকানা নারায়ণগঞ্জের ফতুল্লা ও গোদনাইল এলাকায়। ‘রাহাবার এগ্রো’ প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন ধরে গম, ভুট্টা, ডাল, ছোলাসহ বিভিন্ন ভোগ্যপণ্যের আমদানি ও পাইকারি ব্যবসা এবং রিসাইক্লিং শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

ইসমাইল রতনের দাবি, গত ২ নভেম্বর সাতক্ষীরার ভোমরা চেকপোস্টে বিজিবির হাতে আটক ভারতীয় নাগরিক মোঃ জাহিদ শাহ গোলামের কাছ থেকে স্বর্ণ উদ্ধারের ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। ওই ব্যক্তিকে তিনি চেনেন না এবং জীবনে কখনো সাতক্ষীরা বা ভোমরা সীমান্ত এলাকায় যাননি বলেও প্রতিবাদলিপিতে উল্লেখ করেছেন।

ব্যবসায়িক বিরোধের বিষয়ে তিনি বলেন, মহাদেব চন্দ্র সাধু নামের এক ব্যক্তির কাছে তাঁর ১৯ কোটি ৫৫ লাখ টাকা পাওনা রয়েছে। ওই পাওনা আদায়ের জন্য মহাদেব চন্দ্র সাধু, তাঁর পিতা ও সহযোগীদের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা দায়ের করা হয়েছে। তাঁর দাবি, সংশ্লিষ্ট মামলায় তাঁর পক্ষে ১২ কোটি ৫৬ লাখ টাকার রায় ও ডিক্রি এবং গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

ইসমাইল হোসেন রতনের অভিযোগ, পাওনা টাকা পরিশোধ না করার উদ্দেশ্যে মহাদেব চন্দ্র সাধু ও তাঁর সহযোগীরা তাঁকে বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করছেন। এর আগে খুলনায় অপহরণ মামলা এবং পরবর্তীতে সাতক্ষীরায় আরেকটি মামলা দায়েরের ঘটনাকেও তিনি ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, পূর্বের একটি মামলার বাদী হিসেবে পরিচিত কথিত ম্যানেজার পরবর্তীতে আদালত ও প্রশাসনের সামনে মহাদেব চন্দ্র সাধুর প্ররোচনায় মিথ্যা মামলা করার কথা স্বীকার করেছিলেন।

তিনি আরও অভিযোগ করেন, সাতক্ষীরার স্বর্ণ চোরাচালান মামলায় রিমান্ডে থাকা ভারতীয় আসামির বক্তব্যকে ব্যবহার করে তাঁকে নতুন করে মামলায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে।

প্রতিবাদলিপিতে ইসমাইল হোসেন রতন দেশের প্রচলিত আইন ও বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), সাতক্ষীরার পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার কাছে নিoরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে স্বর্ণ চোরাচালান মামলায় তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা যাচাই করে তাঁকে অব্যাহতি দেওয়া এবং আদালতের রায় ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।

 

প্রতিবাদকারী: মোঃ ইসমাইল হোসেন রতন
স্বত্বাধিকারী, রাহাবার এগ্রো, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *