সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

সাতক্ষীরা সংবাদদাতা:  সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশ ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে বাংলা নববর্ষ-১৪৩৩। মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী মেলার মধ্য দিয়ে জেলাজুড়ে বইছে পহেলা বৈশাখের আনন্দধারা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় কালেক্টরেট পার্কে জাতীয় সংগীত ও বর্ষবরণের চিরচেনা গান ‘এসো হে বৈশাখ’ গাওয়ার মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির শুভ সূচনা করা হয়। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির নানা অনুষঙ্গ শোভাযাত্রায় ফুটে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আখতার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, সিভিল সার্জন আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।

এছাড়াও জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলুসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উৎসবে শামিল হন।

শোভাযাত্রা শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে সকাল ৯টায় একই স্থানে ফিতা কেটে সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘বৈশাখী মেলা’র উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আখতার। মেলায় স্থানীয় কুটির শিল্প ও কারু পণ্যের স্টলগুলো দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে।

উৎসবের দ্বিতীয় পর্বে বিকেলে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা ও ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দিনটি উদযাপনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সাতক্ষীরায় এক সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়েছে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *