সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে ঝড়ের কবলে পড়ে দিক হারিয়ে ভারতে ঢুকে পড়া পাঁচজন মৌয়ালের মধ্যে চারজনে উদ্ধার করেছে বন বিভাগ। এছাড়া সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের এসিএফ মোঃ মশিউর রহমান এ তথ্য জানিয়েছেন।
ঝড়ের কবলে পড়ে দিক হারিয়ে ভারতে ঢুকে পড়াদের মধ্যে উদ্ধার হওয়া মৌয়ালরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের পশ্চিম বিড়ালাক্ষী গ্রামের ফেরদৌস মোল্লার ছেলে রাশিদুল ইসলাম (৩৬), একই গ্রামের লিয়াকত আলী মোল্লার ছেলে তৈবুর রহমান (২৩), বুড়িগোয়ালিনী ইউনিয়নের শুকুর আলী সরদার (৩৭) এবং কাশিমাড়ী ইউনিয়নের গোদাড়া গ্রামের আব্দুল লতিফ মোল্লা (৬৪)।
উদ্ধারকৃতদের ভাষ্য, তারা বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস নিয়ে সুন্দরবনে মধু আহরণে যান। দাড়গাং এলাকার মুখ থেকে কাচিকাটার উদ্দেশ্যে যাত্রাকালে হঠাৎ কালবৈশাখী ঝড়ে তাদের ট্রলারটি দিক হারিয়ে রায়মঙ্গল নদীর পশ্চিম পাড়ে ভেসে যায়, যা ভারতের অংশে পড়ে। পরদিন সকালে নদী শান্ত হলে তারা বাংলাদেশে ফেরার চেষ্টা করেন। এ সময় একজনসহ তাদের নৌযানটি ভারতীয় বন বিভাগের হাতে আটক হয় এবং বাকি চারজন বনাঞ্চলে বিচ্ছিন্ন হয়ে পড়েন। পরে দুই দিন বনের ভেতরে পায়ে হেঁটে তারা আবার একত্রিত হন। তবে, দেশে ফেরার চেষ্টা করেও ভারতীয় বন বিভাগের টহলের কারণে ব্যর্থ হন তারা। শেষ পর্যন্ত একটি অস্থায়ী ভেলা তৈরি করে রাতের আঁধারে গাড়াল নদী পাড়ি দিয়ে ছায়া নদীর তীরে পৌঁছাতে সক্ষম হন তারা। টানা তিন দিন না খেয়ে থাকায় মারাত্মক দুর্বল হয়ে পড়েন তারা। পরে হলদেবুনিয়া টহল ফাইবার বোট তাদের উদ্ধার করে প্রাথমিক সেবা প্রদান করে এবং অফিসে এনে খাবার ও চিকিৎসার ব্যবস্থা করে।
তাদের মধ্যে ভারতীয় বন বিভাগের কাছে আটক শওকাত আলী গাজীকে উদ্ধারের দাবি জানিয়েছেন তারা। শওকাত আলী গাজী শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের ছোটকুপট গ্রামের অবের আলী গাজীর ছেলে।
সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, গত ১ এপ্রিল শওকাত আলীসহ পাঁচজন পাস নিয়ে সুন্দরবনে মধু সংগ্রহে যান। ৮ এপ্রিল ঝড়ের কবলে পড়ে তারা পথ হারিয়ে ভারতের অংশে ঢুকে পড়েন। বিষয়টি জানতে পেরে বন বিভাগ অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে চারজনকে উদ্ধার করে।
তিনি আরও জানান, উদ্ধারকৃতদের প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা দেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, গত ৮ এপ্রিল সুন্দরবনের কাচিকাটা এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বনবিভাগ। তারা হলেন, শ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার ওহিদ মোল্লার ছেলে ওলিউর রহমান, আব্দুর রহমান গাজীর ছেলে মিকাইল হোসেন এবং আইউব আলীর ছেলে ইকরামুল কবির। তবে শ্যামনগরের গোদাড়া গ্রামের আকবর হোসেন এখনও নিখোঁজ রয়েছেন।
ক্রাইম বার্তা