স্টাফ রিপোটার: সাতক্ষীরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চালতেতলা বাজারে মাদক সেবন, বিক্রি ও ব্যবসা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।
শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় চালতেতলা বাজারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিক্ষোভ শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বদরুজ্জামান, আমিরুল ইসলাম, আব্দুর গফফার, নেসারুল ইসলাম, মামুন এবং পৌর ছাত্রদলের যুগ্ন আহবাযক আব্দুল্লাহ আল মামুন।
বক্তারা বলেন, চালতেতলা বাজার ও আশপাশের এলাকায় প্রকাশ্যে মাদক সেবন ও মাদক ব্যবসা চলায় সাধারণ মানুষ চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটছে। তারা অবিলম্বে মাদক সেবন ও বিক্রি বন্ধে প্রশাসনের কার্যকর অভিযান পরিচালনা এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সমাবেশে উপস্থিত এলাকাবাসী বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসন ও জনসাধারণকে একযোগে কাজ করতে হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা জানান।
ক্রাইম বার্তা