নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুলাই) সকাল ৮টায় সাতক্ষীরা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সুদৃঢ় মনোবল গড়ে তোলার লক্ষ্যে এ প্যারেডের আয়োজন করা হয়।
মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আমিনুর রহমান।
প্যারেড পরিদর্শনকালে তিনি মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের কুচকাওয়াজের দক্ষতা, শারীরিক ফিটনেস ও টার্নআউট মূল্যায়ন করেন। এ সময় চৌকস ও দক্ষ পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন তিনি। পরিদর্শন শেষে প্যারেডের সার্বিক মানে সন্তোষ প্রকাশ করেন অতিরিক্ত পুলিশ সুপার।
মাস্টার প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাওন রেজা। এ সময় সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) খালিদ মো. আরাফাতসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
ক্রাইম বার্তা